নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ ওভার বাকি থাকতেই ড্রয়ের সিদ্ধান্ত, শুভমন ও গম্ভীরের রণকৌশল নিয়ে প্রশ্ন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উইকেট নেওয়ার চেষ্টা করছিলেন জসপ্রীত বুমরাহ, আকাশদীপেরা। টানা এক প্রান্ত থেকে বল করে যাচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। পাল্টা লড়াই চালাচ্ছিলেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্স। নিউজজিল্যান্ডের শেষ ব্যাটার জুটি। তখনও বাকি ১৫ ওভার। এক ঘণ্টায় ৫ উইকেট নেওয়া কঠিন হলেও অসম্ভব ছিল না। অথচ সকলকে অবাক করে দিয়ে ড্রয়ের প্রস্তাব দিলেন শুভমন গিল, গৌতম গম্ভীরেরা। ভারতের এই প্রস্তাবের জন্যই যেন অপেক্ষা করছিল নিউ জ়িল্যান্ড। এই সিদ্ধান্ত নিয়েই উঠছে প্রশ্ন—শেষ এক ঘণ্টা কি লড়তে পারত না ভারত? শেষ চেষ্টাই তো করলেন না শুভমনেরা।

এই সিদ্ধান্তের কিছু ক্ষণ আগে দেখা যায় শুভমন সাজঘরে ফিরে যাচ্ছেন। সেখানে গিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর ও ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাঁকে। তার পরেই ড্রয়ের প্রস্তাব দেয় ভারত।

পরে শুভমনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি যুক্তি দেন, “যদি উইকেট থেকে কিছুটা সাহায্য পেতাম, তা হলে আরও কিছু ক্ষণ খেলতাম। পেসারেরা ৫০ ওভারের বেশি বল করে ফেলেছিল। ওরা ক্লান্ত হয়ে পড়েছিল। বুঝতে পারছিলাম, এই টেস্টে আর ফলাফলের সম্ভাবনা নেই। পরের টেস্টের আগে তিন দিনের বিরতি। তার মধ্যে যাত্রাও রয়েছে। তাই পেসারদের বিশ্রাম দিতে চেয়েছিলাম। সেই কারণেই ড্রয়ের সিদ্ধান্ত নিয়েছি।”

যদি এই যুক্তিতেই ভারত ড্রয়ের সিদ্ধান্ত নেয়, তা হলে টেস্ট খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। টেস্ট মানেই ধৈর্য ও সেশনের পর সেশন লড়াই; একটি বা দু’টি সেশন বা পুরো দিন বিপক্ষে গেলেও পরের দিন ফেরার সুযোগ থাকে, প্রতিপক্ষের একটি ভুলই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে প্রতিটি টেস্ট জেতা ভারতের লক্ষ্য। সেখানে ৫ উইকেট নেওয়ার জন্য আর ১৫ ওভার খেললে কী হতো? ধারাভাষ্য চলাকালীন সুনীল গাওস্কর বলছিলেন, “একটা উইকেট পড়লেই হয়তো পরের চারটে পেয়ে যাব।” অথচ সেই সুযোগের অপেক্ষাই করলেন না শুভমনেরা।

প্রসঙ্গত, ২০০৮ সালের সিডনি টেস্টে (‘মাঙ্কিগেট’ টেস্ট) চতুর্থ ইনিংসে হার বাঁচাতে লড়ছিল ভারত; খেলার মাত্র ৪ ওভার বাকি থাকতে ভারতের ৭ উইকেট পড়ে গিয়েছিল এবং ক্রিজে ছিলেন হরভজন সিংহ ও যুবরাজ সিংহ। তখন অসি অধিনায়ক রিকি পন্টিং চাইলে ড্র করে নিতে পারতেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নেন। এক বারও বল না করা মাইকেল ক্লার্কের হাতে বল তুলে দেন এবং শেষ ওভারের পাঁচ বলের মধ্যে হরভজন, যুবরাজ ও ইশান্ত শর্মাকে আউট করে অস্ট্রেলিয়াকে জেতান ক্লার্ক।

অন্যদিকে, ২০২১ সালে লর্ডস টেস্টে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ৬০ ওভার খেলতে হতো; প্রথম ইনিংসে ১২৮ ওভার ব্যাট করা ইংল্যান্ডকে ৬০ ওভারে অল আউট করা কঠিন ভেবে হাল না ছেড়ে অধিনায়ক বিরাট কোহলি দলকে বলেছিলেন, “চলো, এই ৬০ ওভার ওদের নরক দর্শন করাই।” ৫১.৫ ওভারে ইংল্যান্ডকে অল আউট করে জিতেছিলেন কোহলিরা। সেই লড়াকু মানসিকতার বিপরীতে দাঁড়িয়ে ১৫ ওভার বাকি থাকতেই লড়াই না করে মাঠ ছাড়ার সিদ্ধান্তে নতুন করে চর্চা শুরু হয়েছে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *