বিধাননগর: জমি সংক্রান্ত একটি পুরনো মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন বিধাননগরের (Bidhannagar) প্রভাবশালী তথা দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা কাজল ঘোষ (Kajal Ghosh)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিধাননগর এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় রাজনৈতিক মহলে যাকে অনেকেই ‘বিধাননগরের শেখ শাহজাহান’ হিসেবে অভিহিত করত, সেই নেতার গ্রেপ্তারের খবরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
গ্রেপ্তারের পর পরই আইনি প্রক্রিয়া মেনে তাকে তৎক্ষণাৎ খড়িবাড়ি (Khoribari) থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার ধৃত কাজল ঘোষকে নির্দিষ্ট আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে ওঠা জমি সংক্রান্ত অভিযোগ পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য পুলিশি হেপাজতের আবেদন জানানো হতে পারে। সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চলা আইনি পদক্ষেপের ধারায় এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
