উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লিতে উপস্থিত থেকেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসা হল না। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সভায় যোগ দিতে এসে এমনই দাবি করলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক (Musadik Masood Malik)। তাঁর বক্তব্য, ভারতের তরফে এখনও পর্যন্ত দ্বিপাক্ষিক বৈঠকের কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি। তবে আলোচনার দরজা বন্ধ করতে নারাজ ইসলামাবাদ। নির্দিষ্ট বিষয়ে আলোচনার প্রস্তাব এলে তাঁরা তাতে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।
রবিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালিক স্পষ্ট জানান, SCO-র আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েই তিনি ভারতে এসেছেন। দুই দেশের মধ্যে আলাদা করে কোনও আলোচনা বা বৈঠকের উদ্যোগ এখনও নেওয়া হয়নি। তাঁর কথায়, “দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আমাকে একবারও ডাকা হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও উদ্যোগ নেওয়া হলে তবেই আমি সংশ্লিষ্ট প্রশ্নের জবাব দেব। আলোচনার কোনও নির্দিষ্ট প্রক্রিয়া বা ব্যবস্থা না থাকলে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে কীভাবে?” সন্ত্রাসবাদ নিয়েও প্রশ্নের মুখে পড়েন পাক মন্ত্রী। তাঁর দাবি, সন্ত্রাসবাদের সমস্যার সমাধান করতে হলে অভিযোগের পাশাপাশি নির্দিষ্ট প্রমাণও সামনে আনতে হবে। পাকিস্তানও সন্ত্রাসবাদে বহু মানুষের প্রাণহানি দেখেছে বলে দাবি করেন তিনি। দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক মঞ্চে প্রমাণ নিয়ে আলোচনার প্রস্তাবও একাধিকবার দেওয়া হয়েছে বলে জানান মালিক। তাঁর বক্তব্য, দুই দেশই নিজেদের হাতে থাকা তথ্যপ্রমাণ নিয়ে আলোচনায় বসতে পারে। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হলে একই অবস্থান নেন তিনি। ভারতের তরফে আলোচনার আমন্ত্রণ এলে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি বলে জানান পাক মন্ত্রী।
উল্লেখ্য, ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। সেই সিদ্ধান্ত নিয়ে এর আগে কড়া মন্তব্য করেছিলেন মালিক। তবে তাঁর দিল্লি সফরের মধ্যেও ভারত জানিয়েছে, জলচুক্তি নিয়ে অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ২০ থেকে ২২ নভেম্বর দিল্লির পুরানা কেল্লায় আয়োজিত SCO সিভিলাইজেশনাল ডায়ালগে যোগ দিতেই মালিকের এই সফর। ২০২৩ সালের মে মাসে বিলাওয়াল ভুট্টো জারদারির গোয়া সফরের পর এই প্রথম পাকিস্তানের কোনও ফেডারেল মন্ত্রীর ভারত সফর। ফলে কূটনৈতিক মহলের নজর ছিল এই সফরের দিকে। কিন্তু সাংস্কৃতিক ও বহুপাক্ষিক আলোচনার মঞ্চে উপস্থিতি যে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত নয়, মালিকের বক্তব্যে তা আরও স্পষ্ট হল।

