জলপাইগুড়ি: রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুর চড়ালেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। শুক্রবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা বামফ্রন্ট কার্যালয় সুবোধ সেন ভবনে দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে জেলা সম্পাদক পীযূষ মিশ্রকে সঙ্গে নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের তৃণমূল সরকার এবং বিরোধী দল বিজেপি উভয়ের বিরুদ্ধেই অভিযোগ তোলেন।
সাংবাদিক বৈঠকে সেলিম অভিযোগ করেন, রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে উপেক্ষা করে বেসরকারি হাসপাতালের স্বার্থ দেখা হচ্ছে। সম্প্রতি জলপাইগুড়ি মেডিকেল কলেজে দুই রোগীর রক্ত অদলবদলের ঘটনার কথা উল্লেখ করে তাঁর দাবি, হাসপাতালে প্রয়োজনীয় এবং প্রশিক্ষিত কর্মীর অভাব রয়েছে, যার ফলে কাজের অতিরিক্ত চাপে এমন বিভ্রান্তি ঘটছে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা ও তথাকথিত ‘থ্রেট কালচার’ নিয়েও তিনি মন্তব্য করেন।
একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করে সিপিএম নেতা কটাক্ষ করেন, তিনি তৃণমূলের রাজনীতি দেখেই এসেছেন এবং ‘ভেজাল বিজেপি’র ভূমিকা পালন করছেন। আগামী দিনে আন্দোলনের রূপরেখা ও আসন্ন পুরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এদিন জেলা নেতৃত্বের সঙ্গেও দফায় দফায় আলোচনা সারেন বাম নেতৃত্ব।
The submit শুভেন্দুকে ‘ভেজাল বিজেপি’ কটাক্ষ, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সরব মহম্মদ সেলিম appeared first on Uttarbanga Sambad.
