দই–কাসুন্দি মৌরলা
- মালবিকা অধিকারী
সুভাষপল্লি, শিলিগুড়ি
দিদিমার কাছে রান্নার নানা খুঁটিনাটি শুনতে শুনতেই বেশ কিছু পদের প্রতি আলাদা আগ্রহ তৈরি হয়েছিল। কোন উপকরণ কখন দিতে হয়, কীভাবে মশলা কষাতে হয়, কিংবা সামান্য কিছু উপকরণে কীভাবে রান্নার স্বাদ বদলে যায়, এমন নানা কথা তাঁর কাছ থেকে শোনা। দই-কাসুন্দি মৌরলার এই পদেও রয়েছে স্বাদের এক অন্যরকম মেলবন্ধন। দইয়ের হালকা টক ভাব, কাসুন্দির ঝাঁঝ আর ভাজা মশলার সুবাস ছোট মাছের এই রান্নাকে করে তোলে বেশ আকর্ষণীয়।
মৌরলা মাছের স্বাদ বজায় রেখেই অল্প কিছু মশলার ব্যবহারে তৈরি করা যায় এই পদ। গরম ভাতের সঙ্গে দই-কাসুন্দি মৌরলা জমে বেশ। দিদিমার কাছে শোনা রান্নার কথা মনে রেখেই এই পদ তৈরি করা যেতে পারে বাড়িতে।
উপকরণ : মৌরলা মাছ ১৫০ গ্রাম, মাছ মাখানোর জন্য নুন, হলুদ, লেবুর রস ও সামান্য ময়দা, জিরে ১ চা-চামচ, ধনে ১/২ চা-চামচ, শুকনো লংকা ১টি, কালোজিরে ১/৪ চা-চামচ, কারিপাতা ৫-৬টি, টক দই ২ চা-চামচ, কালোজিরে ১/২ চা-চামচ, ছোট টমেটো ১টি কুচি, রসুন বাটা ১/২ চা-চামচ, কাসুন্দি ১ চা-চামচ, চেরা কাঁচালংকা ৪-৫টি, সর্ষের তেল, নুন, হলুদ, ইচ্ছে হলে সামান্য চিনি এবং ধনেপাতা কুচি পরিমাণমতো।
প্রণালী : প্রথমে মৌরলা মাছের সঙ্গে নুন, হলুদ, লেবুর রস ও সামান্য ময়দা মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। জিরে, ধনে, শুকনো লংকা, ১/৪ চা-চামচ কালোজিরে ও কারিপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে।
এবার প্যানে সর্ষের তেল গরম করে ১/২ চা-চামচ কালোজিরে ও চেরা কাঁচালংকা ফোড়ন দিতে হবে। তারপর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। টক দইয়ের সঙ্গে ভেজে গুঁড়ো করা মশলা, পরিমাণমতো নুন ও হলুদ এবং ইচ্ছে হলে সামান্য চিনি মিশিয়ে প্যানে দিয়ে ভালো করে কষাতে হবে।
মশলা কষানো হলে আন্দাজমতো জল দিতে হবে। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মৌরলা মাছ ও কাসুন্দি দিয়ে অল্প সময় রান্না করতে হবে। শেষে ধনেপাতা কুচি, চেরা কাঁচালংকা ও সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দই-কাসুন্দি মৌরলা।
The publish ঠাকুমার পাকঘর appeared first on Uttarbanga Sambad.
