শুক্রবার রাত প্রায় সাড়ে ১২ টা হবে। এলাকা শুনশান। বাজারের সব দোকানের ঝাঁপ বন্ধ। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। টিটাগড়ের ১৫ নম্বর ওয়ার্ডের আলুর গোডাউনে বোমাবাজির অভিযোগ। মুহূর্তে হইচই পড়ে যায় এলাকায়। খবর পেতেই বাজারে দৌড়ে আসেন ব্যবসায়ীরা।
টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের খড়দহ পুরানি বাজার এলাকার ঘটনায় আতঙ্ক। স্থানীয় সূত্রের খবর, রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে পরপর দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। বিস্ফোরণে গোডাউনের অ্যাসবেস্টসের চাল ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:
ওই বাজারের এক ব্যবসায়ী বিশাল সাউয়ের অভিযোগ, “সন্ধে হলেই দুষ্কৃতী তাণ্ডব শুরু হয় বাজারে। মদ-গাজা-জুয়ার ঠেক যেন নিত্যদিনের ঘটনা। যে কোনও সময় প্রাণ যেতে পারে। কারা করছে পুলিশ সব জানে। আমরা নাম বলতে পারব না। ওদের নাম বললেই তো টার্গেট হয়ে যাব।” ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ ৪-৫ বছর ধরে দুষ্কৃতী কার্যকলাপে অতিষ্ট গোটা বাজার। তাও অ্যাকশন না নেওয়ার অভিযোগে পুলিশকে দুষছেন তাঁরা। ব্যবসায়ী জয়কান্ত সাউ বলেন, “বোমাবাজির ঘটনায় বাজারের বদনাম হচ্ছে। ক্রেতারাও ভয় পাচ্ছেন। প্রশাসনকে বারবার জানিয়েও স্থায়ী সমাধান হয়নি।” বাজারে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
