উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ গাড়ির বকেয়া কর আদায়ে মালিকদের জন্য বড়সড় আর্থিক ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। পরিবহণ দপ্তরের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, বকেয়া করের সম্পূর্ণ মূল টাকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিলে জরিমানার পুরো অর্থই মকুব করা হবে। শুধু তাই নয়, মেয়াদ পেরিয়ে যাওয়া গাড়ির ফিটনেস সার্টিফিকেট (সিএফ) (Health Certificates) নবীকরণের ক্ষেত্রেও অতিরিক্ত ফি-তে বিশেষ ছাড় মিলবে। প্রাইভেট এবং বাণিজ্যিক—দু’ধরনের গাড়ির মালিকরাই এই সুবিধা পাবেন।
সোমবার পরিবহণ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে ‘এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭’-এর কথা জানানো হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদনক্রমে চালু হওয়া এই প্রকল্প বিজ্ঞপ্তি জারির দিন থেকেই কার্যকর হয়েছে এবং চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলে গাড়ির মালিকদের হাতে সময় রয়েছে মোট ৩৮ দিন; মূল কর মিটিয়ে দিলেই জরিমানার কোনো টাকা দিতে হবে না।
ফিটনেস সার্টিফিকেট নবীকরণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দিয়েছে পরিবহণ দপ্তর। প্রচলিত নিয়মে ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার পর প্রতিদিন ৫০ টাকা করে অতিরিক্ত ফি দিতে হয়। নতুন প্রকল্পে জানানো হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৩০ দিনের কম বিলম্ব হলে প্রতিদিন ৫০ টাকা করে দিতে হবে; তবে বিলম্বের সময়সীমা ৩০ দিন বা তার বেশি হলে অতিরিক্ত ফি বাবদ এককালীন ১,৫০০ টাকা দিলেই চলবে। এই সুবিধা পেতে ৩১ ডিসেম্বরের মধ্যে ফিটনেস সার্টিফিকেট নবীকরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, শুধুমাত্র আবেদন করলেই এই ছাড় মিলবে না—প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট গাড়ির সমস্ত প্রযোজ্য কর ও ফি ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার পাশাপাশি ফিটনেস সার্টিফিকেট নবীকরণের প্রক্রিয়াও ওই সময়সীমার মধ্যে শেষ করতে হবে।
প্রকল্পটি কার্যকর করতে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে পরিবহণ দপ্তর। ছাড়ের সুবিধা যাতে অনলাইনে পাওয়া যায়, সেজন্য ‘বাহন’ (Vahan) সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্যের সমস্ত আরটিও (RTO) ও এআরটিও (ARTO) অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পরিবহণ দপ্তরের বক্তব্য, একদিকে গাড়ির মালিকদের আর্থিক বোঝা কমানো এবং অন্যদিকে বকেয়া কর আদায় ও মেয়াদোত্তীর্ণ নথি নবীকরণে উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, জরিমানা-সহ বকেয়া করের পরিমাণ কয়েকশো কোটি টাকা। আগে চিঠি পাঠানো হলেও কর জমা দেওয়ায় মালিকদের তেমন উৎসাহ দেখা যায়নি এবং তাঁরা জরিমানা মকুবের দাবি জানাচ্ছিলেন। অবশেষে সেই দাবি মেনে নেওয়ায় খুশি বাস, ট্রাক, ট্যাক্সি, ক্যাব ও পুলকার সংগঠনগুলি।

