মারণরোগকে জয় করে নতুন অধ্যায়ের সূচনা করলেন বিবেক ওবেরয়ের দত্তককন্যা সাহারা শাহ। রক্তের সম্পর্ক না থাকলেও মেয়ের এহেন সাফল্যে গর্বিত অভিনেতার মন্তব্য, “নিজের লড়াই ভুলে যেও না মা।”
বিবেক ওবেরয় এবং প্রিয়াঙ্কা আলভার নিজের দুই সন্তান রয়েছে। তাদের নাম বিভান বীর ও আমেয়া নির্বাণ। তবে নিজের সন্তানদের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত শিশুদের ব্যায়ভার বহন করেন অভিনেতা। তাঁদের মধ্যেই একজন সাহারা শাহ। মাত্র আড়াই বছর বয়সে ক্যানসারের চিকিৎসা চলাকালীন সাহারাকে দত্তক নিয়েছিলেন বিবেক ওবেরয়। বর্তমানে ২২ বছরের সাহারা ক্যানসারমুক্ত। সম্প্রতি এভিয়েশন প্রশিক্ষণও সম্পূর্ণ করেছেন তিনি। তবে এবার অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে অভিনেতার দত্তককন্যার।
আরও পড়ুন:
“এটা আমার কাছেও অত্যন্ত গর্বের মুহূর্ত। আমি চাই, তুমি তোমার কেরিয়ারে অনেক দূর এগিয়ে যাও…”
সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত ক্যানসার ‘রোজ ডে’ অনুষ্ঠানের মঞ্চে নিজের অভিনয় জীবনের নতুন অধ্যায়ের কথা জানান সাহারা। সংশ্লিষ্ট অনুষ্ঠানেই বিবেক ওবেরয়ের উপস্থিতিতে নিজের প্রথম ছবিতে সই করেন তিনি। জানা গিয়েছে, ছবিটি একটি নেপালি ছবি। যেখানে সাহারাকে মুখ্য অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে। পালকপিতা বিবেকের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে আসার সিদ্ধান্তের কথা জানান তিনি। সাহারা বলেন, “শীঘ্রই দুবাইয়ে দেখা হবে, আর আমার মনে হয় না আমাদের মধ্যে আর কোনও দূরত্ব থাকবে। আমি একটি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছি। এটি একটি নেপালি সিনেমা। চুক্তিতে সই করার আগে আমি আপনাদের আশীর্বাদ নিতে চেয়েছিলাম।” এরপরই পালকপিতার উদ্দেশে তাঁর মন্তব্য, “আমার জীবনের এক বড় অংশ জুড়ে আছেন আপনি। ছোটবেলা থেকেই আপনাকে দেখে আসছি এবং সবসময়েই আপনার দেখানো পথে চলতে চেয়েছি। আমি হয়তো সেই পথের অর্ধেকও পার হতে পারিনি। আপনার মতো উচ্চতাতেও পৌঁছতে পারব কি না, জানি না।” সাহারা জানান, বিবেকই তাঁকে অভিনয়, নাচ শেখার বিষয়ে উৎসাহ জুগিয়েছেন।

দত্তককন্যার এহেন সাফল্যে গর্বিত বিবেক ওবেরয়ও। আবেগপ্রবণ অভিনেতা জানালেন, “এটা আমার কাছেও অত্যন্ত গর্বের মুহূর্ত। আমি চাই, তুমি তোমার কেরিয়ারে অনেক দূর এগিয়ে যাও এবং ছবিতেও খুব ভালো অভিনয় করো। তোমার জন্য আমি খুব খুশি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভুলে যেও না, তুমি একজন বিজয়ী। তুমি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে আজ জীবনে নিজের জায়গা তৈরি করার লক্ষ্যে এগোচ্ছ।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
