কানাডার সারে শহরে ওয়ালমার্টের বাইরে গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত তরুণ দম্পতি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে (Surrey) শহরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত তরুণ দম্পতি। নিহতদের নাম গগনপ্রীত ওরফে গ্যারি রেহাল (২৩) এবং সুখজিৎ কউর (২৪)। পুলিশ জানিয়েছে, ঘটনাটি আকস্মিক নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে কোনও সংগঠিত অপরাধচক্রের যোগসূত্র থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

জানা গিয়েছে, ১৫ নভেম্বর রাত আনুমানিক ১০টা ৩৮ মিনিট নাগাদ একটি ওয়ালমার্ট (Walmart) স্টোরের পার্কিং লটে ওই দম্পতিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত দুজনেই পার্শ্ববর্তী ডেল্টা অঞ্চলের বাসিন্দা ছিলেন। মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার গ্রহণ করেছে কানাডার বিশেষায়িত তদন্তকারী শাখা ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (Built-in Murder Investigation Crew – IHIT)।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গুলির ঘটনার প্রায় ১৩ মিনিট পর ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় একটি গাড়িতে রহস্যজনকভাবে আগুন লাগার খবর মেলে। তদন্তকারীদের সন্দেহ, আক্রমণকারীরা পালানোর পর প্রমাণ নষ্ট করতে ব্যবহৃত ওই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ঘটনাস্থলে ভাঙা কাচযুক্ত একটি লাল রঙের মুস্তাং গাড়িও নজরে এসেছে। পুলিশ সুত্রে দাবি, নিহত গগনপ্রীতের বিরুদ্ধে অতীতে অস্ত্র সংক্রান্ত কিছু অপরাধের অভিযোগ ছিল, তবে সুখজিতের কানাডায় যোগাযোগ ছিল তুলনামূলক সীমিত।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলি এলাকায় একটি জ্বলন্ত গাড়ি থেকে তুষার শর্মা নামের ২৫ বছর বয়সী এক ভারতীয় তরুণের দেহ উদ্ধার হয়েছিল। সাম্প্রতিক এই জোড়া হত্যাকাণ্ডের তদন্তে সিসিটিভি ফুটেজ ও ড্যাশক্যামের রেকর্ডিং বিশ্লেষণ করছে পুলিশ। ঘটনায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *