উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মিক্সড মার্শাল আর্টস (MMA)-এর রিংয়ে ভারতের নাম উজ্জ্বল করলেন কাশ্মীরের উদীয়মান তারকা ওয়াইস ইয়াকুব (Owais Yaqoob)। বুলগেরিয়ার বারগাস অ্যারেনায় আয়োজিত বিখ্যাত ‘BRAVE CF 107’-এ দুইবারের অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন ডেলিয়ান জর্জিয়েভকে প্রথম রাউন্ডেই টেকনিক্যাল নকআউটে (TKO) গুঁড়িয়ে স্মরণীয় এক জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। ওয়াইসের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। শুভেচ্ছা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার মুরান (Murran) গ্রামের বাসিন্দা ওয়াইস পয়লা অগাস্ট আয়োজিত এই হাই-ভোল্টেজ ম্যাচে শুরু থেকেই নিজের টেকনিক্যাল দক্ষতা ও মানসিক দৃঢ়তা দেখান। প্রথম রাউন্ডের মাত্র ৪ মিনিটের মাথায় তিনি প্রতিপক্ষ স্থানীয় বুলগেরিয়ান ফাইটারকে পরাস্ত করেন। উল্লেখ্য, জর্জিয়েভ পরপর দু’বার IMMAF অ্যামেচার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং পেশাদার ক্যারিয়ারে এর আগে কখনো হারেননি। তাকে হারিয়ে ওয়াইস ভারতীয় এমএমএ-র ইতিহাসে অন্যতম সেরা এক মাইলফলক তৈরি করলেন।
ওয়াইস ইয়াকুবের এই জয়ের পরপরই মুখ্যমন্ত্রী কার্যালয়ের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে তাকে অভিনন্দন জানানো হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, “বুলগেরিয়ায় আয়োজিত ‘BRAVE CF 107’-এ অপরাজিত দু’বারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে চমৎকার জয় হাসিল করার জন্য জম্মু-কাশ্মীরের প্রতিভাবান এমএমএ ফাইটার ওয়াইস ইয়াকুবকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই সাফল্য জম্মু-কাশ্মীর তথা সমগ্র দেশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।”
সমাজমাধ্যমে ইতিমধ্যেই নেটিজেন এবং বিশ্ব ক্রীড়া অনুরাগীরা ওয়াইসকে ভারতের সর্বকালের সেরা এমএমএ সম্ভাবনাময় ফাইটার হিসেবে আখ্যা দিয়ে দ্রুত তাঁকে বিশ্বখ্যাত ‘UFC’-তে সুযোগ দেওয়ার দাবি তুলেছেন।
ঐতিহাসিক জয়ের পর আবেগঘন বার্তায় ওয়াইস বলেন, “এই জয় আমার কাছে সব কিছু। রিঙে নামার সময় পুরো দেশের মানুষের ভালোবাসা ও প্রার্থনা আমার সাথে ছিল। অপরাজিত বিশ্বচ্যাম্পিয়নকে হারানো রূপকথার মতো মনে হলেও এটা তো কেবল শুরু। দেশের নাম আরও উঁচুতে তুলে ধরতে আমি আরও কঠোর পরিশ্রম করে যাব।” কাশ্মীরের বহু অ্যাথলেট অতীতে দেশকে সম্মান এনে দিলেও, এমএমএ-র বিশ্বমঞ্চে ওয়াইস ইয়াকুবের এই পারফরম্যান্স নিঃসন্দেহে এক নতুন দিগন্ত খুলে দিল।

