আলো-আঁধারি আমেজে ভূতুড়ে ও রহস্যময় অনুভূতি, কেমন হল জীতু, শোলাঙ্কির  ‘কাউরীবুড়ির মন্দির’?

রাজ্য/STATE
Spread the love


তন্ত্র, অলৌকিকতা আর রহস্যের মিশেলে তৈরি গল্পের প্রতি বাঙালির বরাবরেরই একটা কৌতূহল রয়েছে। বিশেষ করে লোকবিশ্বাস, অশুভ শক্তি এবং নিরীহ মানুষের জীবন যখন গল্পের উপাদান হয়ে ওঠে, তখন তা আলাদা আকর্ষণ তৈরি করে বইকি। সেই আবহেই হইচইতে মুক্তি পেয়েছে ‘কাউরীবুড়ির মন্দির’। পরিচালনায় সায়ন্তন ঘোষাল। অভিনয়ে জীতু কমল, শোলাঙ্কি, পাওলি দাম, শাশ্বত চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত, বিশ্বরূপ বিশ্বাস।

তরুণ জ্যোতিষী ভবতারণ চট্টোপাধ্যায় হাতের ছোঁয়ায় মানুষ কিংবা কোনও স্থানের ভূত-ভবিষ্যৎ দেখতে পান। সেই কাজের সূত্রে একসময় তাঁর ডাক পড়ে ছোটবেলার বান্ধবী মাধুরীর বাড়িতে, অসমে। মাধুরী কোনও এক অজানা রোগে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। ভবতারণ জানতে পারেন গোলকপুষ্প নামে একটি বিশেষ ফুল একমাত্র মাধুরীর রোগ সারাতে পারে। সেই ফুল পাওয়া যায় কাউরীবুড়ির মন্দিরে, কিন্তু সেখানে গেলে কেউ বেঁচে ফিরে আসে না। নানান রহস্যময় চরিত্র এসে ভিড় করে ভবতারণের পথের বাঁকে। এবার কী করবেন তিনি?

আরও পড়ুন:

হইচই সিরিজ ‘কাউরীবুড়ির মন্দির’

নানা জটিল মনস্তাত্ত্বিক ঘটনার সংমিশ্রণে তৈরি ছয় এপিসোডের এই সিরিজ। মূল গল্পটি লেখক অভীক সরকারের একই নামের উপন্যাস থেকে নেওয়া। একটি গোটা উপন্যাসের কাহিনিকে মাত্র ছয়টি পর্বে ভাগ করতে গিয়ে অনেক খুঁটিনাটি তথ্য বাদ দিতে হয়েছে, সেটা অনুমেয়। তা ছাড়া সাহিত্য ও অডিও ভিস্যুয়াল মাধ্যম সম্পূর্ণ আলাদা এবং গল্প বলার ভাষাও সেখানে ভিন্ন। ঘন জঙ্গলের ভেতর মন্দির, অশুভ ইঙ্গিত, রহস্যময় ছায়ামূর্তি, জাম্প শট সব মিলিয়ে চিত্রগ্রহণ এবং আলোর ব্যবহার এই সিরিজের মূল আকর্ষণ বলা যেতে পারে। সৌমিক হালদার এবং টুবানের ক্যামেরার কাজ দুর্দান্ত। ভিএফএক্সের কাজও প্রশংসনীয়।

একটা টান টান আবহ রয়েছে গল্পের মধ্যে, ফলে এপিসোডগুলি দেখতে ক্লান্তিকর লাগে না। তবে চিত্রনাট্য আর একটু বিস্তৃত হতে পারত। কিছু প্রশ্নের উত্তর মেলে না। মাধুরী এবং ভবতারণ, এই দুটো চরিত্রকে প্রতিষ্ঠা করতে আর একটু যত্ন নেওয়ার প্রয়োজন ছিল। না হলে মাধুরীর জন্য ভবতারণের এই প্রাণপণ লড়াই যুক্তিযুক্ত লাগে না। মন্দিরের বর্তমান বড় দেউড়িকে একবার বলা হয়েছে অনির্বাণের দিদি আর একবার বলা হয়েছে তাঁর সঙ্গী। এই দুরকম তথ্য দর্শককে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। কৃষ্ণানন্দ আগমবাগীশ বাস্তবের একটি চরিত্র, যিনি বাংলা সাহিত্যেও ছাপ রেখেছেন বার বার।

পাওলি দাম

তাঁর সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া জরুরি ছিল। এ ছাড়াও অনির্বাণ, তার দিদি, পরাগ এই চরিত্রগুলোকে চিত্রনাট্যে বড়ই অস্পষ্টভাবে সাজানো হয়েছে। সিরিজ শেষ হলেও ধোঁয়াশা থেকে যায়। তা ছাড়া অশুভ শক্তির ছড়াছড়ি যে গল্পে সেখানে ভয় এবং অস্বস্তির আমেজ আরও কিছুটা প্রয়োজন ছিল। জীতু এবং শোলাঙ্কি দুজনেই চরিত্র অনুযায়ী বেশ ভালো। পাওলি স্বল্প সুযোগে চেষ্টা করেছেন চরিত্রকে ফুটিয়ে তোলার। আগমবাগীশ চরিত্রে শাশ্বতকে আগেও দেখা গিয়েছে।

কাউরীবুড়ির মন্দির

মাত্র একটি এপিসোডে আবির্ভূত হয়ে তিনি সমস্ত আলো নিজের দিকে টেনে নিয়েছেন। দেবপ্রিয় এবং অনিরুদ্ধকে সেভাবে কাজে লাগানো হল না। ভৈরব চরিত্রের পৈশাচিক দিককে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিশ্বরূপ। আবহ ও শীর্ষসংগীত সিরিজের কাহিনির সঙ্গে মানানসই। সব মিলিয়ে দীপাবলির আলো-আঁধারি আমেজে ভূতুড়ে এবং রহস্যময় অনুভূতি উপহার দেবে ‘কাউরীবুড়ির মন্দির’।

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *