উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত তীব্র রূপ ধারণ করেছে। দলটির সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট বা লকডাউনের (Bangladesh political unrest) ডাক দেওয়া হয়েছে। কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। এর আগে বুধবার রাতেও দেশের একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীদের তৎপরতা রয়েছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সহিংসতার ধারাবাহিকতায় নড়াইলে বিএনপির সঙ্গে সংঘর্ষে দলটির অঙ্গসংগঠনের দুই নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। এর আগের দিন রাতে ফরিদপুরেও এক বিএনপি নেতা নিহত হন। এদিকে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে বলেন, দলটি এখন নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা ঠেকাতে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে সংসদে নাম উল্লেখ না করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, যার প্রতি বিরোধী দলগুলোও সমর্থন প্রকাশ করেছে।
দক্ষিণাঞ্চলীয় জেলা গোপালগঞ্জে পরিস্থিতি এখনও চরম উত্তপ্ত। স্থানীয় সূত্র অনুযায়ী, সেখানে আওয়ামী লিগ ও ছাত্রলীগের অবস্থানের কারণে ঢাকা ও অন্যান্য জেলার সঙ্গে গোপালগঞ্জের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টুঙ্গিপাড়া থানায় সাম্প্রতিক অগ্নিসংযোগের পর বুধবারও পুলিশ সদস্যরা থানা এলাকা ছেড়ে অবস্থান করছেন বলে জানা যায়। এছাড়া স্থানীয় বিএনপি সাংসদের মালিকানাধীন হাসপাতালে হামলা, কাশিয়ানিতে গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং থানা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের পাঁচ মাইল এলাকায় সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে রাতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়; তবে বাড়িটিতে দীর্ঘদিন কেউ না থাকায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
The submit আওয়ামী লিগের দেশব্যাপী কর্মসূচির ডাক ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, নিহত ২ appeared first on Uttarbanga Sambad.
