কখনও একটি দীর্ঘ রাত পেরিয়ে আসে নতুন সকাল। তেমনই জীবনের কঠিনতম সময় পেরিয়ে আইসিইউ থেকে যখন কেউ ফিরে আসেন প্রিয়জনের কাছে, তখন প্রতিটি চেনা মুহূর্তও হয়ে ওঠে নতুন করে পাওয়া। সেই ফিরে আসার নেপথ্যে থাকে অসীম সাহস, চিকিৎসকদের নিরলস প্রয়াস আর স্বজনদের অপেক্ষা।
এমনই জীবনের জয়গান শোনাতে ‘এ নিউ ডন- আইসিইউ কেয়ার কানেক্ট’ অনুষ্ঠানের আয়োজন করল মণিপাল হসপিটাল। কলকাতার স্প্রিং ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিইউ থেকে সুস্থ হয়ে ফেরা রোগী, তাঁদের চিকিৎসক এবং বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুন:
সংকটজনক অবস্থা কাটিয়ে ফেরা রোগীদের লড়াইকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অবদানকেও সম্মান জানানো হয়। আলোচনায় উঠে আসে আধুনিক জীবনদায়ী প্রযুক্তি, সময়মতো চিকিৎসা, বিভিন্ন বিভাগের সমন্বয় এবং আইসিইউ-পরবর্তী পুনর্বাসনের গুরুত্ব। কারণ, আইসিইউ থেকে বেরিয়ে আসাই সুস্থতার শেষ ধাপ নয়। শারীরিক সক্ষমতা ফিরে পাওয়া এবং মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফেরাও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ।
আরও পড়ুন:
এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় উপস্থিত ছিলেন কলকাতায় মণিপাল হসপিটালের বিভিন্ন শাখার ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা। ছিলেন ঢাকুরিয়া শাখার ডা. সুভাষকুমার টোডি, ডা. মহুয়া ভট্টাচার্য ও ডা. শাশ্বতী সিনহা; ইএম বাইপাস শাখার ডা. তন্ময় বন্দ্যোপাধ্যায় ও ডা. দীপাঞ্জন চট্টোপাধ্যায়; মুকুন্দপুর শাখার ডা. চন্দ্রাশিস চক্রবর্তী; সল্টলেক শাখার ডা. দীপঙ্কর সরকার এবং ব্রডওয়ে শাখার ডা. কিশেন গোয়েল, ডা. সুশ্রুত বন্দ্যোপাধ্যায় এবং ডা. রাজর্ষি রায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মণিপাল হসপিটাল (ইস্ট)-এর রিজিওনাল হেড (মেডিক্যাল সার্ভিসেস) ডা. শুগত চক্রবর্তী। সংকটজনক রোগীর চিকিৎসায় বিভিন্ন বিভাগের সমন্বয়, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং সামগ্রিক পরিচর্যার নানা দিক নিয়ে অভিজ্ঞতা ভাগ করে নেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে তিন দশকেরও বেশি সময় ধরে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধিত করা হয় ঢাকুরিয়া মণিপাল হসপিটালের ক্রিটিক্যাল কেয়ারের ডিরেক্টর ডা. সুভাষকুমার টোডিকে। চিকিৎসার মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের স্বাস্থ্যকর্মীদের গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা তুলে ধরা হয়।
এ দিনের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল অঙ্গ প্রতিস্থাপন এবং মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট (এমসিএস) নেওয়া রোগীদের ক্ষেত্রে জীবনদায়ী চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত। উন্নত প্রযুক্তির ফলে গুরুতর হৃদ্রোগে আক্রান্ত এবং হৃদ্যন্ত্র প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। কিন্তু চিকিৎসা চালিয়েও যখন সুস্থ হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে, তখন জীবনদায়ী ব্যবস্থা চালু রাখা বা বন্ধ করার সিদ্ধান্ত জটিল হয়ে ওঠে।
লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস (এলভিএডি) এবং এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ইকমো)-এর মতো উন্নত জীবনদায়ী ব্যবস্থা বন্ধ করার ক্ষেত্রেও নানা চিকিৎসাগত, নৈতিক ও আইনি প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে রোগীর নিজের সিদ্ধান্তের অধিকার, চিকিৎসা সম্পর্কে পরিবারকে স্পষ্ট ধারণা দেওয়া, বিভিন্ন বিভাগের চিকিৎসকদের মতামত এবং স্বচ্ছ আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, জীবনদায়ী চিকিৎসা বন্ধ করার অর্থ পরিচর্যা বন্ধ করা নয়। রোগীর যন্ত্রণা কমানো, স্বস্তি দেওয়া এবং মর্যাদা বজায় রাখাও চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ।
অনুষ্ঠানে আইসিইউ থেকে সুস্থ হয়ে ফেরা রোগীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।তাঁদের ফিরে আসার গল্পে উঠে আসে চিকিৎসার পাশাপাশি মানসিক জোর, পরিবারের সহযোগিতা এবং চিকিৎসক দলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব।

ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার বিবর্তন প্রসঙ্গে ডা. সুভাষকুমার টোডি বলেন, ‘গত তিন দশকে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় অভাবনীয় পরিবর্তন এসেছে। আধুনিক প্রযুক্তি, প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতি এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় সংকটজনক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে এই চিকিৎসার মূল ভিত্তি এখনও সময়মতো সঠিক সিদ্ধান্ত, দলগত কাজ, সহমর্মিতা এবং রোগীর সুস্থতার প্রতি দায়বদ্ধতা। উন্নত জীবনদায়ী প্রযুক্তি চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু প্রতিটি রোগীর ব্যক্তিগত চাহিদা, মূল্যবোধ ও মর্যাদাকেও সমান গুরুত্ব দিতে হবে। গুরুতর অসুস্থতা কাটিয়ে কোনও রোগী যখন পরিবারের কাছে ফিরে যান, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। চিকিৎসার প্রতিটি সাফল্যের পিছনে থাকে সাহস, অধ্যবসায় এবং আশার এক একটি মানবিক গল্প।’
জীবনদায়ী চিকিৎসা বন্ধ করার নৈতিক দিক ব্যাখ্যা করে ইএম বাইপাস মণিপাল হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের ডিরেক্টর ডা. তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও উন্নত প্রযুক্তি জীবন বাঁচানোর সম্ভাবনা অনেক বাড়িয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা কমে গেলে চিকিৎসা চালিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নও সামনে আসে। জীবনদায়ী চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল ও জটিল। রোগীর শারীরিক অবস্থা, নৈতিক ও আইনি বিধি, তাঁর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং পরিবারের সঙ্গে স্বচ্ছ আলোচনার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিতে হয়। মনে রাখতে হবে, জীবনদায়ী চিকিৎসা বন্ধ করার অর্থ রোগীর পরিচর্যা বন্ধ করা নয়। যন্ত্রণা কমানো, স্বস্তি দেওয়া এবং রোগীর মর্যাদা বজায় রাখাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘আইসিইউ কেয়ার কানেক্ট’-এর মতো উদ্যোগ এই সংবেদনশীল বিষয়গুলি নিয়ে অর্থবহ আলোচনার সুযোগ তৈরি করে।’
ইকমো চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে ইএম বাইপাস মণিপাল হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. দীপাঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ‘ইকমো (এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন) শুধু রোগীকে বাঁচিয়ে রাখার প্রযুক্তি নয়, অনেক ক্ষেত্রে তা তাঁকে জীবনের দ্বিতীয় সুযোগ করে দেয়। ইএম বাইপাস মণিপাল হসপিটালে এখনও পর্যন্ত ৪৫১টি ইকমো চিকিৎসা পরিচালিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে একজন রোগী ও তাঁর পরিবারের আশা-ভরসার গল্প। যখন প্রচলিত চিকিৎসায় আর সাড়া মিলছিল না, তখন এই প্রযুক্তি তাঁদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমাদের সবচেয়ে বড় শক্তি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দল। আর সবচেয়ে বড় প্রাপ্তি, সুস্থ হয়ে ওঠা রোগীদের আবার তাঁদের পরিবারের কাছে ফিরে যেতে দেখা।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
