হিলি: হিলি (Hili) থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রামে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা না পাওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। মঙ্গলবার সকালে হিলি থানার নওপাড়া, পূর্ব কৃষ্ণপুর ও চকবলরাম গ্রামে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মঙ্গলবার সকালে নওপাড়া (Naopara), পূর্ব কৃষ্ণপুর (Purba Krishnapur) এবং চকবলরাম (Chakbalram) অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে দেন এলাকার শতাধিক মহিলা। ফলে কেন্দ্রগুলির পঠনপাঠন ও কাজকর্ম সাময়িকভাবে থমকে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। বিক্ষোভকারীদের আশ্বস্ত করে থানায় আলোচনার জন্য ডাকা হলে তাঁরা তালা খুলে দেন। পূর্ব কৃষ্ণপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা নিরুপমা দেব মজুমদার জানান, কেন্দ্র খোলার আগেই মহিলারা তালা মেরে বিক্ষোভ শুরু করেছিলেন। তাঁদের দাবি কর্মীদের বিরুদ্ধে ছিল না, বরং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার পর শিশুদের জন্য খাবার রান্না ও বিতরণ সম্পন্ন হয়।
পুলিশের আশ্বাসের ভিত্তিতে দুপুরে গ্রামগুলি থেকে বহু মহিলা হিলি থানায় উপস্থিত হন। পরে হিলি থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করেন। নওপাড়া এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য কৃষ্ণ মণ্ডল জানান, ব্লকের আধিকারিক ও পুলিশ আন্দোলনকারীদের জানিয়েছেন আগামী মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মিলবে। তবে আইনশৃঙ্খলার অবনতি ঘটালে কড়া পদক্ষেপের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
আন্দোলনকারী রূপালি সরকার অভিযোগ করেন, গত ছয় মাস ধরে তাঁরা এই প্রকল্পের অর্থ পাননি। স্থানীয় প্রশাসন ও নেতাদের জানিয়েও কোনও সমাধান না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে কেন্দ্রগুলিতে তালা মেরেছিলেন। দ্রুত বকেয়া সাহায্য না পেলে আগামীতে ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

