উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে ভারত কার পক্ষ নেবে? এই স্পর্শকাতর প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসেন রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর (Madan Rathore)। তাঁর সাফ দাবি, আমেরিকা ও পাকিস্তানের লড়াইয়ে ভারত ইসলামাবাদের পাশে দাঁড়াবে, কারণ পাকিস্তান ভারতের প্রতিবেশী দেশ! মদন রাঠোরের এই বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক ঝড়। কংগ্রেস সহ বিরোধী দলগুলি বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে এটিকে “দেশবিরোধী” ও পাকিস্তানের প্রতি অন্ধ অনুরাগের প্রমাণ বলে তোপ দেগেছে।
একটি প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর বলেন, “আমাদের সকলের একটা বিষয় বোঝা দরকার। দেখুন, ভারতের প্রসঙ্গে বলতে চাই, আজ যদি আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা পাকিস্তানের পাশে থাকব। কারণ তারা আমাদের প্রতিবেশী দেশ।”
তবে নিজের বক্তব্যের জলঘোলা হতেই তিনি আরও একটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করেন। তাঁর দাবি, ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে সবাই ভারতের পাশেই থাকবে। প্রতিবেশী হিসেবে আঞ্চলিক ভূ-রাজনীতির সমীকরণ বোঝাতে গিয়েই তিনি এই মন্তব্য করেন বলে দাবি তাঁর অনুগামীদের। কিন্তু ততক্ষণে তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে পৌঁছেছে।
মদন রাঠোরের এই মন্তব্যের পরই বিরোধীরা বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি।
কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ ভিডিও শেয়ার করে কটাক্ষ করে বলেন, “আমাদের জওয়ান ও সাধারণ মানুষকে হত্যা করা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান। তাদের প্রতি বিজেপির ভালোবাসা আবারও সামনে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কি পাকিস্তানের পাশে রয়েছেন? যদি না হয়, তাহলে এই দেশবিরোধী ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে, তা জানানো হোক।”
কংগ্রেসের ন্যাশনাল কোঅর্ডিনেটর সন্দীপ গুপ্ত এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, “আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে আমরা পাকিস্তানের পাশে থাকব—এই মন্তব্যই প্রমাণ করে সন্ত্রাসবাদী দেশের প্রতি বিজেপির সুপ্ত অনুরাগ রয়েছে।”
আম আদমি পার্টির (AAP) যুব শাখার রাজ্য সভাপতি রমেশ মাতিয়ালা এবং আপ নেতা বিনয় মহাবল মিশ্র মদন রাঠোরের ওই বিতর্কিত বক্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। এক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের অবস্থান কী হওয়া উচিত, তা নিয়ে মদন রাঠোরের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও। এখন দেখার এই ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি বা দলের কেন্দ্রীয় নেতৃত্ব কোনো আনুষ্ঠানিক সাফাই দেয় কি না।

