মাল ব্লকে ভয়াবহ দুর্ঘটনা। মৃত এক স্কুল শিক্ষক। আহত নেপালি চলচ্চিত্র পরিচালক উদীপ থাপা-সহ তিন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াশাবাড়ি এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়িতে করে চারজন বাগরাকোট থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় ১টা নাগাদ ওয়াশাবাড়ি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশ বিশ্বকর্মা (৪৬)-র। তিনি বাগডোগরা সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গুরুতর আহত হন উদীপ থাপা, বাদল বিশ্বকর্মা এবং সবিন থাপা।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা ভারত গুপ্তা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দেখতে পেয়ে এলাকার যুবকদের খবর দেন। পরে ধীরজ শর্মা, রাহুল, সুশীল ও মুকেশ সাহানি-সহ কয়েকজন প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গাড়ি থেকে বের করেন। তাঁদের নিয়ে যাওয়া হয় ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের মধ্যে বাদল বিশ্বকর্মাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল, ক্রেন ও জেসিবি পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে। গাড়িতে থাকা চারজনই বাগরাকোটের লিশরিভার এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, গতকাল রাতে মেটেলি ব্লকের সামসিং চা বাগান এলাকায় আরও একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই দুর্ঘটনার কারণও খতিয়ে দেখছে পুলিশ। সম্ভবত দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
