অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার : বাল্মীকিতে থাকতে তার মেজাজ ছিল বেশ ঠান্ডা। নিজের পছন্দের এলাকা ছিল। সেই চেনা গণ্ডির বাইরে যাওয়ার তাগিদও ছিল না। প্রায় দু’বছর ধরে ২৫-৩০ বর্গ কিলোমিটারের মধ্যেই ছিল তার রাজত্ব। লোকালয়ে ঢোকার নজির নেই। অন্য বাঘের সঙ্গে সংঘাতেও জড়ায়নি কখনও। অথচ বক্সায় পা রাখতেই যেন স্বভাব বদলে গেল! এক জায়গায় মন টিকছে না। কখনও জঙ্গলের এ প্রান্তে, কখনও ও প্রান্তে। ছুটেছে লোকালয়ের দিকেও। বাল্মীকির যে বাঘিনী ছিল শান্ত, বক্সায় এসে সেই টি-১৩৮ এখন কার্যত ‘দস্যি মেয়ে’। তার এমন বদলে যাওয়া মেজাজ দেখে অবাক বিহারের বনকর্তারাও। যে বাঘিনীকে বক্সার জঙ্গলে বাঘের নতুন সংসার গড়ার উপযুক্ত মনে করা হয়েছিল, সেই কেন এমন অস্থির? তবে কি নতুন ঠিকানা মনঃপূত হচ্ছে না ‘ডুয়ার্স রানি’র?
প্রশ্ন অনেক। উত্তর এখনও অধরা। তবে দুশ্চিন্তার মধ্যেও বক্সার বনকর্তাদের স্বস্তি দিচ্ছে একটি বিষয়। রবিবার এনক্লোজার থেকে বেরিয়ে যাওয়ার পর বাঘিনী এখনও একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই ঘোরাফেরা করছে। বুধবারও পূর্ব দিকে, অসমের দিকে এগিয়েছে। কিন্তু ওই এলাকা ছেড়ে বেরিয়ে যায়নি। ভুটানের দিকে তার যাত্রা আটকাতে বন দপ্তরের ‘ব্যান্ডপার্টি’ নামানোর প্রয়াসও অনেকটা কাজে এসেছে বলে মনে করছেন বনকর্তারা। অর্থাৎ, বিদেশযাত্রার আশঙ্কা পুরোপুরি কাটেনি ঠিকই, তবে আপাতত বাঘিনীর পায়ের গতিতে কিছুটা লাগাম পরেছে। এখন বনকর্তাদের একটাই চাওয়া, যে এলাকায় রয়েছে, সেখানেই নিজের নতুন রাজত্ব গড়ে তুলুক সে।
কিন্তু এত তাড়াতাড়ি নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। কারণ, এর আগেও একবার এমন আশার পরিণতি ভালো হয়নি। ৪ অক্টোবর এনক্লোজার থেকে বেরিয়ে প্রায় ১৯ দিন বক্সার জঙ্গলের নানা প্রান্তে ঘুরেছিল বাঘিনী। তারপর একদিন সোজা চলে যায় অসমে। এবারও রবিবার এনক্লোজার থেকে বেরিয়েছে বিটিআর টিএফ-১। চারদিনের গতিবিধি দেখে তাই কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না বনকর্তারা। বক্সা ব্যাঘ্র-প্রকল্পের এক কর্তার কথায়, ‘বাঘিনী কোনও একটি নির্দিষ্ট এলাকায় নিজের এলাকা তৈরি করুক, সেটাই আমরা চাইছি। কিন্তু এখনও তা হচ্ছে না।’ অর্থাৎ, আপাতত একটি গণ্ডির মধ্যে থাকলেও সেই গণ্ডিই তার স্থায়ী ঠিকানা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।
বাঘিনীর এই আচরণে সবচেয়ে বেশি অবাক বাল্মীকির বনকর্তারা। কারণ, তাঁদের কাছে টি-১৩৮ ছিল একেবারেই অন্য মেজাজের। ২০২৩ সালে বাল্মীকি ব্যাঘ্র-প্রকল্পের জঙ্গলে টি-১০৬ নামে এক বাঘিনীর গর্ভে জন্ম তার। বাবা টি-৩৫। বনকর্তাদের দাবি, বাবার মতোই সুস্বাস্থ্যের অধিকারী ও শক্তিশালী সে। মুঙ্গেরাহা রেঞ্জের জাসাউলি এলাকা ছিল তার পুরোনো ঠিকানা। প্রায় দু’বছর সেখানে কাটিয়েছে। ২৫-৩০ বর্গ কিলোমিটারের মধ্যেই গড়ে তুলেছিল নিজের ‘হোম গ্রাউন্ড’। দেড় বছর বয়সে মায়ের কাছ থেকে আলাদা হয়ে নিজের এলাকা তৈরি করেছিল। তারপর থেকে লোকালয়ে যাওয়ার নজির নেই। অন্য বাঘের সঙ্গে সংঘাতও নয়। এমনকি, গর্ভবতীও হয়নি। বাল্মীকিতে গত এক বছরেও তার এমন ছোটাছুটি চোখে পড়েনি। সেই বাঘিনীই বক্সায় এসে কেন এমন ছটফট করছে, সেটাই এখন দুই রাজ্যের বনকর্তাদের কাছে বড় প্রশ্ন।
আসলে বক্সায় বাঘ ফেরানোর পরিকল্পনায় বাঘিনী বাছাইয়ের কাজটিও হয়েছিল যথেষ্ট খুঁটিয়ে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নির্দেশের পর বাল্মীকি কর্তৃপক্ষ প্রথমে ১০টি বাঘের বায়োডেটা তৈরি করে। সেখান থেকে চারটি বাঘকে বেছে নেওয়া হয়। শেষপর্যন্ত ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্তারা টি-১৩৮-কে চূড়ান্ত করেন। প্রায় সাড়ে তিন বছরের বাঘিনীটির অতীত রেকর্ড ছিল ভালো। নিজের এলাকা চিনত, একা থাকতে অভ্যস্ত ছিল, লোকালয়ে যাওয়ার প্রবণতা ছিল না। অর্থাৎ, বক্সার জঙ্গলে নতুন করে বসতি গড়ার জন্য তার মধ্যে প্রয়োজনীয় বৈশিষ্ট্য রয়েছে বলেই মনে করা হয়েছিল। কিন্তু নতুন জঙ্গলে এসে সেই হিসেব যেন মিলছে না।
বিহারের এক বনকর্তার ব্যাখ্যা, ‘ওই বাঘিনী বিহারে একটি নির্দিষ্ট জায়গায় থাকত। বক্সায় গিয়ে হয়তো সেইরকম পরিবেশ পাচ্ছে না। পরিচিত পরিবেশ না পাওয়ায় ছুটে বেড়াচ্ছে। পছন্দের জায়গা খুঁজছে।’ কথাটির মধ্যে লুকিয়ে রয়েছে বাঘিনীর অস্থিরতার সম্ভাব্য কারণ। যে জঙ্গল এতদিন তার চেনা ছিল, যে পথে ছিল অবাধ যাতায়াত, যে এলাকায় খাবার ও আশ্রয়ের নিশ্চয়তা ছিল, তা ছেড়ে হঠাৎ নতুন পরিবেশে এসে পড়েছে সে। সেখানে নিজের মতো জায়গা খুঁজে পেতে সময় লাগতেই পারে।
বাল্মীকি ব্যাঘ্র-প্রকল্পের ফিল্ড ডিরেক্টর গৌরব ঝা-ও অবশ্য মনে করেন, এই খোঁজাখুঁজিতে বাধা দেওয়া ঠিক হবে না। তাঁর মতে, নতুন জঙ্গলে গিয়ে বাঘ নিজের পছন্দের এলাকা বেছে নেবে। তার জন্য একাধিক জায়গা ঘুরে দেখা স্বাভাবিক। কোনও নির্দিষ্ট এলাকায় থিতু হওয়ার আগে শিকারযোগ্য প্রাণীর জোগান, জলের উৎস, সঙ্গীর উপস্থিতি, অন্য প্রাণীদের সঙ্গে সংঘাতের আশঙ্কা এবং পরিবেশের প্রতিকূলতা খতিয়ে দেখে রয়েল বেঙ্গল টাইগার। সবদিক বিচার করেই তৈরি করে নিজের বিচরণক্ষেত্র।
গৌরবের কথায়, ‘বাঘিনীকে বক্সায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সে তো জানে না কোনটা বক্সা, কোনটা ভুটান বা অসম। নিজের এলাকা কোথায় ঠিক করে, সেটাই দেখার। আশা করছি, বক্সাতেই স্থায়ী হবে। এমনও হতে পারে, বক্সার সঙ্গে ভুটান বা অসমের কোনও সীমানা বরাবর নিজের এলাকা তৈরি করল।’
বাঘিনীর কাছে সত্যিই সীমানার কোনও কাঁটাতার নেই। বক্সা, অসম কিংবা ভুটান, সবই তার কাছে জঙ্গলের বিস্তৃত ভূগোল। সেখানে নিজের নিরাপদ আশ্রয়, খাবার আর বিচরণক্ষেত্র খুঁজে নেওয়াই আসল। সেই খোঁজে আপাতত অস্থির ‘ডুয়ার্স রানি’। তবে ব্যান্ডপার্টির প্রয়াসে ভুটানের দিকে যাত্রা আটকেছে, নির্দিষ্ট এলাকাও ছাড়েনি সে। বনকর্তারা এখন চাইছেন, বাল্মীকির পুরোনো অভ্যাস ভুলে বক্সাকেই আপন করে নিক বাঘিনী। না হলে এত আয়োজন, এত প্রতীক্ষার পরও বক্সার জঙ্গলে তার স্থায়ী ঠিকানা অধরাই থেকে যাবে।

