Aftab Ansari Presidency Jail Raid | প্রেসিডেন্সি জেলে আফতাবের কুঠুরিতে মিনি কন্ট্রোল রুম! মিলল আইফোন, রাউটার ও নগদ ৩১ হাজার টাকা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ কলকাতার অতি-সুরক্ষিত প্রেসিডেন্সি সংশোধনাগারের অন্দরে মারাত্মক নিরাপত্তা গলদ। আমেরিকান সেন্টার হামলার অন্যতম সাজাপ্রাপ্ত অপরাধী আফতাব আনসারির (Aftab Ansari Presidency Jail Raid) সেল থেকে উদ্ধার হলো আইফোন, একাধিক স্মার্টফোন, জিও রাউটার, ওয়াইফাই হটস্পট এমনকি নগদ ৩১ হাজার টাকা! গত ২৩ অগস্ট দমদম সংশোধনাগারের ডিআইজি-র নেতৃত্বে প্রেসিডেন্সি জেলে এক হাই-প্রোফাইল আচমকা তল্লাশি অভিযানে বেরিয়ে আসে জেলের ভেতরের এই শিউরে ওঠার মতো তথ্য। উচ্চ নিরাপত্তার সেলে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি কীভাবে আস্ত যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করে ফেলল, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত প্রেসিডেন্সির বিশেষ বিশেষ সেলে চলে এই ঝটিকা অভিযান। ২০০২ সালের কলকাতার আমেরিকান সেন্টারে জঙ্গি হামলা এবং খাদিমকর্তা অপহরণকাণ্ডে মূল চক্রান্তকারী হিসেবে দোষী সাব্যস্ত আফতাব দুবাই থেকে ধরা পড়েছিল। ফাঁসির নির্দেশ সুপ্রিম কোর্টে মকুব হয়ে আপাতত সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। তল্লাশিতে তার কুঠুরি থেকে উদ্ধার হয়েছে:

  • মোবাইল ও যোগাযোগ সরঞ্জাম: ১টি আইফোন, ৩টি স্মার্টফোন, ৩টি জিও সিম কার্ড, ২টি জিও রাউটার, ১টি ওয়াইফাই হটস্পট, ২টি কার্ড রিডার, ১২৮ জিবির পেনড্রাইভ, ৩টি ওটিজি এবং ১টি হেডফোন।
  • নগদ অর্থ: ৫০০ টাকার নোটে মোট ৩১ হাজার টাকা।

অভিযোগ উঠেছে, কারারক্ষী ও কারা কর্তৃপক্ষের চোখ এড়িয়ে দিনের পর দিন জেলের অন্দরে বসেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এবং পাকিস্তানে যোগাযোগ রাখছিল আফতাব। এই বিপুল পরিমাণ ইলেকট্রনিক গ্যাজেট এবং নগদ টাকা জেলে ঢুকলো কীভাবে, তার নেপথ্যে কারা কর্তৃপক্ষের ভেতরের কোনো অসৎ কর্মীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে অর্থাৎ ২০ অগস্ট প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালিয়ে অন্য এক বিচারাধীন বন্দি আব্দুল মইনুদ্দিনের কাছ থেকেও উদ্ধার হয়েছিল স্মার্টফোন ও সিমকার্ড। পরপর দুটি ঘটনায় জেলের অভ্যন্তরীণ নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গিয়েছে। দুটি ঘটনাতেই হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *