গরুমারা ও জলদাপাড়ার মধ্যে গন্ডার বিনিময় এবং পাতলাখাওয়ায় পুনর্বাসনের ভাবনা বন দপ্তরের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শুভজিৎ দত্ত, নাগরাকাটা : গরুমারা জাতীয় উদ্যানের কোর এলাকা ছেড়ে বহুদিন ধরেই দু-একটি করে গন্ডার আশপাশের বাফার বনাঞ্চলে চলে যাচ্ছে। শুধু যাতায়াত নয়, ওইসব জঙ্গলে স্থায়ীভাবে থেকে যাওয়ার নজির রয়েছে। ডায়না, নাথুয়া, রামশাই, চালসা ও লাটাগুড়ি রেঞ্জের জঙ্গলে প্রায়ই দেখা মিলছে গন্ডারের। এই পরিস্থিতিতে গরুমারা জাতীয় উদ্যানের আয়তন বাড়ানোর দাবি উঠতে শুরু করেছে। যদিও বন দপ্তর এখনই আয়তন সম্প্রসারণের কথা ভাবছে না। তবে গন্ডারের জিনগত বৈচিত্র্য বজায় রাখতে এক জঙ্গলের গন্ডার অন্য জঙ্গলে ছাড়ার কথা ভাবা হচ্ছে। গন্ডার বিনিময় হলে জিনগত বৈচিত্র্য কমে যাওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছে, তা অনেকটাই কমবে বলে পরিবেশপ্রেমীরা মনে করছেন। অন্যদিকে, গরুমারা ও জলদাপাড়ার পর কোচবিহারের পাতলাখাওয়ায় দ্রুত গন্ডার ছাড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ বলেন, ‘গরুমারা ও জলদাপাড়ার গন্ডার বিনিময়ের বিষয়টি তো রয়েছেই। এছাড়া পাতলাখাওয়ায় দ্রুত গন্ডার ছাড়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বক্সার জঙ্গলের কথাও ভাবা হয়েছিল। তবে সেখানে পর্যাপ্ত তৃণভূমি নেই।’

২০২৫ সালের সর্বশেষ গন্ডার শুমারির তথ্য বলছে, প্রায় ৮০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত গরুমারা জাতীয় উদ্যানে এখন গন্ডারের সংখ্যা ৬১। ২০২২ সালের তুলনায় ছয়টি গন্ডার বেড়েছে। সম্প্রতি একটি গন্ডারের মৃত্যুর পর সেই সংখ্যা কমে হয়েছে ৬০। গরুমারায় নতুন প্রজন্মের গন্ডার বা সাব-অ্যাডাল্টের সংখ্যা ২৭-২৮। গন্ডারের লিঙ্গ নির্ধারণ অপেক্ষাকৃত কঠিন কাজ হলেও, শুমারির হিসাবে ১৬-১৭টি মর্দা এবং ২৬-২৭টি মাদি গন্ডার রয়েছে। সেই হিসাব অনুযায়ী, গরুমারায় এখন মর্দা ও মাদি গন্ডারের অনুপাত ১:১.৫৯, যা দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানের তুলনায় ভালো। এই পরিস্থিতিতে ভবিষ্যতে গরুমারায় গন্ডারের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই তাদের বিচরণক্ষেত্র বাড়ানোর প্রয়োজনীয়তা ক্রমশ জোরালো হচ্ছে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন)-এর এশিয়ান রাইনো স্পেশালিস্ট গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান বিভব তালুকদার বলেন, ‘উত্তরবঙ্গের গরুমারা ও জলদাপাড়া, দুই জাতীয় উদ্যানেই গন্ডারের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। এটা অত্যন্ত ইতিবাচক দিক। আশপাশের জঙ্গলগুলিকে গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে শামিল করে নেওয়া হলে গন্ডার সংরক্ষণের কাজে আরও গতি আসবে বলেই মনে করি। তবে সেক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নও অত্যন্ত জরুরি। বন দপ্তরকেই এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করতে হবে। গরুমারা ও জলদাপাড়ার গন্ডার বিনিময় হলে বর্তমানে জিনগত বৈচিত্র্য কমে যাওয়ার যে আশঙ্কা রয়েছে, সেটাও দূর হতে পারে।’

গরুমারার আয়তন বাড়ানোর দাবির পক্ষে সওয়াল করেছেন উত্তরবঙ্গের বিশিষ্ট পরিবেশবিদ ও হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর মুখপাত্র অনিমেষ বসু। তাঁর কথায়, ‘দেখা যাচ্ছে বর্তমানে গরুমারা থেকে প্রায়শই গন্ডার বেরিয়ে আশপাশে যেখানে তৃণভূমি পরিবেষ্টিত জঙ্গল রয়েছে, সেখানে থেকে যাচ্ছে। সে কারণে ওদের নতুন আবাসস্থল তৈরি অত্যন্ত জরুরি। আয়তন বাড়ানো অবশ্যই একটি সঠিক পন্থা হবে। তবে সেক্ষেত্রে তৃণভূমি, পর্যাপ্ত জলাভূমি ও গন্ডারের নিরাপত্তার দিকটি নিশ্চিত করা প্রয়োজন। গন্ডার আর্দ্র ও নরম ঘাস খেতে পছন্দ করে। জলাশয় থাকলেই সেটা মিলবে।’

গরুমারা জাতীয় উদ্যানের কোর এলাকাকে ঘিরে রয়েছে নাথুয়া, ডায়না, রামশাই, লাটাগুড়ি ও চালসার মতো একাধিক বাফার বা টেরিটোরিয়াল বনাঞ্চল। এই সব জঙ্গলে প্রায়শই গন্ডারের যাতায়াত রয়েছে। কোথাও কোথাও ঘাঁটি গেড়ে কিছুদিন থেকে যাওয়ারও নজির মিলেছে। চেপ্টি, ন্যাংসা, পুরুন্ডি ও হোগলার মতো ঘাস গন্ডারের অন্যতম প্রিয় খাদ্য। বাফার এলাকার জঙ্গলের একাংশে প্রাকৃতিকভাবেই এই ধরনের ঘাস জন্মায়। পরিবেশপ্রেমীদের মতে, জাতীয় উদ্যানের আয়তন বাড়ানো হলে সম্প্রসারিত অংশে তৃণভূমি তৈরির কাজও জোরকদমে করা সম্ভব হবে। এতে গন্ডারের পাশাপাশি অন্যান্য তৃণভোজী বন্যপ্রাণীরও উপকার হবে। বর্তমানে গরুমারায় বাইসনের সংখ্যা যথেষ্ট। রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ। তৃণভূমির পরিসর বাড়লে তাদের খাদ্যের জোগান বাড়বে। তবে আয়তন সম্প্রসারিত হলে লোকালয় লাগোয়া জঙ্গলে মানুষ-বুনোর সংঘাত বেড়ে যাওয়ার মতো নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *