মৈনাক ভট্টাচার্য
ক্যালেন্ডারে মাসগুলির গায়ে একটা নিজস্ব গন্ধ থাকে। এক একটা মাসের নাম শুনলেই সেই আগমার্কা মাসগন্ধের পেটেন্ট থেকে নিজেকে বের করে আনা শক্ত। যেমন বৈশাখের শুরুটা হালখাতার হালকা চালে শুরু হলেও মাসের পঁচিশ তারিখ মানেই বাঙালি একেবারে যাকে বলে রবীন্দ্রিক। আশ্বিন পড়তে না পড়তেই শরীরে শরতের ফিনফিনে বাতাসের আভা লাগার আগেই বাঙালির মন দুগ্গা দুগ্গা করে নাচতে শুরু করে দেয়। আর ডিসেম্বর মানেই নলেন গুড়ের পাশাপাশি ভোরের আবছা ঘুমে ক্রিসমাস ক্যারলের মৌতাত।
উদাহরণ কোনও বিষয়ের গভীরে টেনে নেওয়ার ফুটনোট মাত্র। তাই উদাহরণ না বাড়িয়েও বলা যায়, আমাদের শিল্পমননে নভেম্বর মানেই ফরাসি ভাস্কর অগুস্ত রদ্যাঁ। কারণ, ১২ নভেম্বর ১৮৪০ তাঁর জন্ম, আবার ১৭ নভেম্বর ১৯১৭ তাঁর মৃত্যুদিন। একই মাসে জন্ম ও মৃত্যু, এই কাকতালীয় যোগসূত্র নভেম্বরকে তাঁর স্মৃতির সঙ্গে জুড়ে দিয়েছে। তবে শুধু জন্মদিন বা মৃত্যুদিনের জন্য নয়, শিল্পের নিজস্ব ভাষা খুঁজে নেওয়ার অসামান্য সাধনার জন্যও রদ্যাঁকে মনে রাখা জরুরি। ভাস্কর্যের প্রচলিত ধারণাকে নতুন করে দেখার সাহস দেখিয়েছিলেন তিনি।
প্রথাগত পাঠ বরাবরই তাঁর জীবনে ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে থেকেছে। তেরো বছর বয়সে অঙ্কন ও গণিতের বিশেষ বিদ্যালয় একোল স্পেসিয়াল দ্য দেসাঁয় ভর্তি হন রদ্যাঁ। সেখানে ওরাস লেকক দ্য বোয়াবোদ্রাঁর কাছে আঁকার শিক্ষা পান। কিন্তু ফরাসি শিল্পকলার বিখ্যাত পীঠস্থান একোল দে বোজার-এ ভর্তি হতে তিনবার ব্যর্থ হন। এই ব্যর্থতা তাঁর মনে গভীর দাগ কাটলেও শিল্পচর্চা থেমে থাকেনি। জীবিকার জন্য অলংকরণ ও সাজসজ্জার কাজ করেছেন, পাশাপাশি নিজের শিল্পীসত্তাকে বিকশিত করেছেন। তাঁর শিল্পভাবনায় ওল্ড মাস্টারদের কাজ ছিল সিঁড়ির ধাপ মাত্র। তাঁদের কাজ দেখে শিখতে হবে, কিন্তু হুবহু নকল করার জন্য নয়, বরং তাঁদের ডিঙিয়ে নিজস্ব পথ খুঁজে নেওয়ার জন্য। শিল্পের অনুকরণ নয়, তার নির্যাস গ্রহণ করে নিজস্বতা নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলেন রদ্যাঁ। প্রাতিষ্ঠানিক স্বীকৃতির বাইরে দাঁড়িয়েও নিজের রীতি ও পদ্ধতিতে ভাস্কর্য নির্মাণের কাজ শুরু করেন তিনি। এই বৈশিষ্ট্যই তাঁকে সমগ্র বিশ্বের কাছে বিশিষ্ট ভাস্করের মর্যাদা এনে দেয়।
খ্যাতির প্রায় মধ্যগগনে পৌঁছে ইতালীয় কবি দান্তে আলিগিয়েরির মহাকাব্য ‘ডিভাইন কমেডি’ থেকে অনুপ্রাণিত ‘নরকের দ্বার’ প্রকল্পের অংশ হিসেবে তৈরি তাঁর ‘থিঙ্কার’ ভাস্কর্য নিয়ে আলোচনা শুরু হয়। ১৮৮০ সালে এর পরিকল্পনা করেন রদ্যাঁ। প্রথমে মূর্তিটির নাম ছিল ‘কবি’; দান্তেকেই সেখানে ভাবুক অবস্থায় দেখানোর কথা ছিল। পরে ১৮৮৮ সালে এটি স্বতন্ত্র ভাস্কর্য হিসেবে প্রদর্শিত হয়। নিজের বক্তব্যে রদ্যাঁ বুঝিয়েছিলেন, তাঁর ‘থিঙ্কার’ শুধু মস্তিষ্ক, কুঁচকানো ভ্রূ, প্রসারিত নাসারন্ধ্র আর চেপে ধরা ঠোঁট দিয়ে ভাবছে না। সে ভাবছে তার বাহু, পিঠ ও পায়ের প্রতিটি পেশি দিয়ে, তার মুঠো করা হাত আর আঁকড়ে ধরা পায়ের আঙুল দিয়েও। শিল্পের এই সারটুকুই তাঁর ভাস্কর্যের লিপিচিত্র। শরীরের অবয়বের মধ্য দিয়ে মনের গভীর অনুভবকে প্রকাশ করাই ছিল তাঁর শিল্পের শক্তি।
একশো বছরের বেশি সময় ধরে বয়ে চলা এই সত্যকে পাশ কাটিয়ে ভাস্কর্য যখন নিছক অবয়বের অনুকরণে আটকে যায়, তখন শিল্পের বদলে তৈরি হতে পারে শিল্পবর্জ্য। বিশ্বজুড়ে পথভাস্কর্য থেকে মিউজিয়ামের ঘরেও সেই প্রবণতার নজির মেলে। অগুস্ত রদ্যাঁ বরাবর ভাস্কর হিসেবে ছিলেন সময়ের থেকে অনেকটা এগিয়ে। এইখানেই তাঁর শিক্ষা, সৃষ্টি আর যাপনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। দুই স্রষ্টার মাধ্যম আলাদা হলেও প্রতিষ্ঠিত ছকের বাইরে গিয়ে নিজস্ব প্রকাশভঙ্গি গড়ে তোলার সাধনায় তাঁদের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। রদ্যাঁর ‘ব্রোঞ্জযুগ’, ‘থিঙ্কার’ কিংবা ‘ডানাইদ’ যেমন দর্শককে নতুন প্রশ্নের সামনে দাঁড় করায়, তেমনই রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’র নন্দিনী কিংবা ‘শেষের কবিতা’র নিবারণ চক্রবর্তীরাও পাঠকের মনে নতুন জিজ্ঞাসা জাগিয়ে রাখে। শতবর্ষ পেরিয়েও মহৎ সৃষ্টি মানুষকে এইভাবেই বারবার নতুন করে ভাবতে শেখায়। তাই নভেম্বর কিংবা বৈশাখ নিমিত্ত মাত্র।
(লেখক ভাস্কর ও বাস্তুকার। শিলিগুড়ির বাসিন্দা।)

