মহাবীর চাচান
হিন্দি ও বাংলায় সব্যসাচী লেখক মহাবীর চাচানের জন্ম রাজস্থানের সোনালি বালিতে। কিন্তু তিনি লালিতপালিত হন সবুজ গালিচার দেশ জলপাইগুড়িতে। তাঁর হাতেখড়ি হয় বাংলা অ বর্ণ দিয়ে। দিনে মাড়োয়ারি হিন্দিস্কুলে পড়াশোনা কিন্তু বাড়িতে বসে বাল্যপাঠ, নবধারাপাতে শিক্ষা শুরু। জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটে তাঁর রম্যরচনা প্রকাশিত হয় প্রতিষ্ঠানের পত্রিকায়। এসি কলেজ ছুঁয়ে তিনি জলপাইগুড়ি পলিটেকনিক থেকে সিভিল ডিপ্লোমা করে কিছুদিন চাকরি ও ঠিকাদারি করে শেষপর্যন্ত শিলিগুড়িতে কনসালটেন্সি ফার্ম খোলেন। শিলিগুড়ি গড়ে ওঠার দিনগুলির তিনি নীরব দর্শক ও কারিগরও বটে।
লেখালেখির শুরু ষাটের দশকে। পরে অমৃত, দেশ, পরিচয় ও আনন্দবাজার পত্রিকায় তাঁর নানা লেখা প্রকাশিত হয়। একটি নামী পত্রিকায় তিনি ‘বিস্মৃত বিস্ময়’ নামে ধারাবাহিক লেখা লিখতেন। শ্রীভূমি থেকে প্রকাশিত হিন্দি থেকে বাংলায় অনূদিত গল্প সংকলন তাঁকে সাহিত্য সমাজে পরিচিত করে তোলে। লেখালেখির সূত্রে পরিচয় ঘটে রমাপদ চৌধুরী, সুভাষ মুখোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ প্রমুখ বরেণ্য লেখকদের সঙ্গে। তাঁদের লেখা চিঠিগুলি এখনও সযত্নে আগলে রেখেছেন। ‘হিন্দি ব্যঙ্গ কা ইতিহাস’ সংকলনে তার লেখা স্থান পেয়েছিল। তাঁর প্রকাশিত দুটি বইয়ের নাম ‘মার্ক থ্রি কী গরিবি’ এবং ‘গাধে কো কানুন কী ডিগ্রি’ বেশ জনপ্রিয়। হিন্দিতে লেখা ‘জলপাইগুড়ি অউর মাড়ওয়ারি সমাজ’ আজও একটি সামাজিক দলিল। নয়া আকাশ, জনপথ সমাচার সহ বিভিন্ন হিন্দি পত্রিকায় তিনি সমসাময়িক বিষয়ে নিয়মিত কলাম লিখতেন। উত্তরবঙ্গের বহু পত্রপত্রিকায় তাঁর লেখা স্থান পেয়েছে। আজ নব্বই বছর বয়সে তিনি সমাজ ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত।
The submit উত্তরের সাহিত্যিক appeared first on Uttarbanga Sambad.
