Yumnam Khemchand Singh | অবসান রাষ্ট্রপতি শাসনের, মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিং

Yumnam Khemchand Singh | অবসান রাষ্ট্রপতি শাসনের, মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিং

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইম্ফল অবশেষে কাটল মণিপুরের দীর্ঘমেয়াদী রাজনৈতিক অচলাবস্থা। বুধবার নির্ধারিত সূচি মেনেই মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবীণ বিজেপি নেতা ইউমনাম খেমচাঁদ সিং (Yumnam Khemchand Singh)। এদিন সন্ধ্যা ৬টায় রাজভবনের (লোকভবন) দরবার হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্যপাল অজয় ভাল্লা তাঁকে শপথ বাক্য পাঠ করান।

সবচেয়ে বড় চমক হিসেবে উঠে আসছে নেমচা কিপগেনের নাম। কুকি সম্প্রদায়ের এই লড়াকু নেত্রীকে মণিপুরের উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। এর মাধ্যমে ইতিহাস গড়তে চলেছে এই সীমান্ত রাজ্য, কারণ নেমচা কিপগেনই হবেন মণিপুরের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। বিশ্লেষকদের মতে, কুকি সম্প্রদায়কে প্রশাসনিক মূলস্রোতে গুরুত্ব দিয়ে রাজ্যে শান্তি ফেরানোর বার্তাই দিতে চাইছে কেন্দ্র ও বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী পদের জন্য এনপিএফ (NPF)-এর একজন বিধায়ককে বেছে নেওয়া হবে। তবে সেই নাম এখনও চূড়ান্ত হয়নি। অভিজ্ঞ নেতা গোবিন্দাস কন্থৌজামকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে।

গত বছর ৯ ফেব্রুয়ারি এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর থেকেই জাতিগত হিংসা বিধ্বস্ত মণিপুরে জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। দীর্ঘ প্রায় এক বছর পর সেই কেন্দ্রীয় শাসন প্রত্যাহার করে নেওয়া হলো। খেমচাঁদ সিং-এর শপথ গ্রহণের মধ্য দিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে পুনরায় নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো।

শপথ নেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, তাঁর প্রধান লক্ষ্য হবে রাজ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা এবং জাতিগত বিভেদ ভুলে উন্নয়নের পথে মণিপুরকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রবীণ এই নেতা এর আগে বিধানসভার স্পিকার এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন। তাঁর এই অভিজ্ঞতা মণিপুরের বর্তমান সংকটজনক পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ জোটের শীর্ষ নেতৃত্ব এবং নবনির্বাচিত বিধায়করা উপস্থিত ছিলেন। খেমচাঁদ সিং-এর মন্ত্রিসভায় আর কারা ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *