বৈষ্ণবনগর: ছয় বছরের এক শিশুর রহস্যমৃত্যুকে (Youngster Suspicious Demise) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার বৈষ্ণবনগর (Baisnabnagar) থানার অন্তর্গত পুরাতন ১৮ মাইল এলাকায়। মৃত শিশুটি স্থানীয় এক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের আত্মীয়দের অভিযোগ, শিশুটির সৎমা (Stepmother) দীর্ঘদিন ধরে তার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। শুক্রবার রাতে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, শিশুটির বাবা কর্মসূত্রে ওডিশায় থাকেন। প্রায় ৫-৬ বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে শিশুটি তার সৎমায়ের সঙ্গে ১৮ মাইল এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, শিশুটি অত্যন্ত মেধাবী ও চটপটে ছিল। ঘটনার আগের দিনও সে সুস্থ অবস্থায় স্কুলে পরীক্ষা দেয় এবং বিকেলে বন্ধুর বাড়ি ঘুরে ঘরে ফেরে। শনিবার সকালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
পরিবারের এক আত্মীয়ের দাবি, শিশুটির গলায় ফাঁসের দাগ ও শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তার মুখে ও শরীরে পাউডার মাখিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে।
শুক্রবার রাতে ভাড়া বাড়িতে শিশুটির মৃত্যুর পর, শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা তাকে নিথর অবস্থায় উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

