উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাল উৎপাদনে বছরের পর বছর ধরে চলে আসা চিনের (China) আধিপত্য ভাঙল। চিনকে পেছনে ফেলে বিশ্বে চাল উৎপাদনকারী দেশ হিসেবে এক নম্বরে পৌঁছাল ভারত (World’s Prime Rice Producer)। মার্কিন কৃষি বিভাগের তরফে ভারতকে (India) এই স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্বের মধ্যে বর্তমানে ২৮ শতাংশ চাল উৎপাদন করে ভারত। যা এই মুহূর্তে সবচেয়ে বেশি।
মার্কিন কৃষি বিভাগের (USDA) ডিসেম্বরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের চাল উৎপাদন ১৫২ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে। যেখানে চিনের চাল উৎপাদনের পরিমাণ ১৪৬ মিলিয়ন মেট্রিক টন। সেই প্রাচীনকাল থেকেই ভারতের ধান চাষ করার পাশপাশি চাল উৎপাদন করা হয়। যখনই চালের উৎপত্তির কথা আলোচনা করা হয়, তখনই ভারতের নাম প্রায়শই প্রথমে আসে। বিশ্বে প্রায় ১,২৩,০০০ রকমের চাল রয়েছে। যার মধ্যে প্রায় ৬০,০০০ রকমের চাল ভারতেই পাওয়া যায়। যা চালের বৈচিত্র্যের ক্ষেত্রে ভারতের সমৃদ্ধিকে তুলে ধরে। তবে উৎপাদনের দিক থেকে ভারত দীর্ঘদিন ধরে চিনের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল। তবে এই প্রথম ভারত চাল উৎপাদনে চিনকে ছাড়িয়ে গেল।
ভারতে উৎপাদিত চাল ১৭২টি দেশে রপ্তানি হয়। এটি বর্তমানে চাল ভারতের বিদেশনীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারেও পরিণত হয়েছে। ২০২৪-২৫ সালে ভারত মোট ৪,৫০,৮৪০ কোটি টাকার কৃষি পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে প্রায় ২৪ শতাংশই ছিল চাল। বাসমতি ও অন্যান্য ধরনের চাল রপ্তানি করে ভারত এক বছরে ১,০৫,৭২০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে। যা ভারতীয় অর্থনীতিতে চালের গুরুত্বকে তুলে ধরেছে।
