উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে মিরিক, দুধিয়া। মঙ্গলবার দুধিয়ায় আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও মঙ্গলবার উত্তরবঙ্গে আসছেন। দু’দিনের সফরে উত্তরবঙ্গে আসছেন তিনি। বিপর্যয় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় দিনভর নানা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। বুধবার বিজনবাড়িতে যাওয়ার কথা রিজিজুর।
দুর্যোগের জেরে পাহাড়ে রাস্তাঘাট ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ। ঘুরপথে পাহাড় এবং সমতলের মধ্যে গাড়ি চলাচল করছে। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিকে। দুধিয়া থেকে মিরিকে যাওয়ার পথে একটি লোহার সেতু ভেঙে গিয়েছে। মিরিকের পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আলাদাভাবে সেখানে যাচ্ছেন মমতা এবং রিজিজু।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মঙ্গলবার উত্তরবঙ্গে আসছেন। দুর্যোগের কবলে পড়া বেশ কিছু এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সোমবার নাগরাকাটার বামনডাঙায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। মঙ্গলবার তাঁদের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু।
