উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সকালের জলখাবারে ঝামেলা না চাওয়ায় অনেকেই কর্নফ্লেক্স খান। তবে রোজ একই খাবার খেতে কারোরই ভালো লাগে না। রোজ ভুট্টা খাওয়ায় উপকারিতাও রয়েছে (Corn Advantages)। তবে ভুট্টা অন্য অনেক উপায়ে খেতে পারেন। যেমন ভুট্টার দানা সেদ্ধ। সকালের জলখাবারে ভুট্টা খাওয়ার উপকারিতা জেনে নিন।
ভিটামিনে সমৃদ্ধ
ভুট্টায় নানা ধরনের পুষ্টিকর উপাদান রয়েছে। এতে ভিটামিন বি থাকায় শরীরের শক্তির মাত্রা বজায় রাখতে সহায়তা করে। সেই সঙ্গে চুল ও হাড়ের স্বাস্থ্যও ভালো রাখে। এছাড়াও রয়েছে ভিটামিন এ, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত করে।
অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর
ভুট্টায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। তা যে কোনও ধরনের সংক্রমণের সঙ্গে লড়তে, তাকে প্রতিহত করতে পারে। পাশাপাশি চোখের স্বাস্থ্যও ভালো রাখে।
ফাইবারযুক্ত খাবার
ভুট্টায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ভুট্টা খেলে পাকস্থলীর স্বাস্থ্যও ভালো হয়। ফাইবার পেট পরিষ্কার করে। এছাড়া দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।
ওজন ধরে রাখে
যেহেতু ফাইবারের পরিমাণ বেশি থাকে, তাই একবার খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। কয়েক কিলোগ্রাম ওজন ঝরাতে চাইলে সন্ধ্যার জলখাবারে ভুট্টা রাখুন। এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
কীভাবে খাবেন ভুট্টার দানা?
প্রথমে ভুট্টার দানাগুলো সেদ্ধ করে নিন। তারপর সামান্য নুন, গোলমরিচ এবং লেবুর রস ছড়িয়ে খাওয়া যেতে পারে ভুট্টার দানা।
