Wimbledon | হ্যাটট্রিক হল না আলকারাজের, ফরাসি ওপেনের বদলা নিয়ে চ্যাম্পিয়ন সিনার

Wimbledon | হ্যাটট্রিক হল না আলকারাজের, ফরাসি ওপেনের বদলা নিয়ে চ্যাম্পিয়ন সিনার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কয়েকদিন আগে ইনস্টাগ্রামে হঠাৎ একটি রিলস চোখে পড়ল। যেখানে এক প্রেমিক তাঁর প্রিয়তমার উদ্দেশে বলছেন, ‘তুমি আমার জীবনে চার এপিসোডের একটি ওয়েব সিরিজের মতো। যার তিনটি পর্ব আমি দেখেছিলাম। কিন্তু সম্পর্ক পরিণতি পেল না বলে চতুর্থ এপিসোডটা দেখা হল না। হয়তো পরের জন্মে ইচ্ছে পূরণ হবে।’

বর্তমান টেনিস দুনিয়ার দুই পোস্টারবয় জানিক সিনার ও কার্লোস আলকারাজ গার্ফিয়ার দ্বৈরথও অনেকটা ওয়েব সিরিজের মতোই। যে গল্পের প্রথম রোমাঞ্চকর অধ্যায় লেখা হয়েছিল চলতি বছরের ফরাসি ওপেনের ফাইনালে। সেদিন প্রেমের শহরে ৫ ঘণ্টা ২৯ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ে টেনিস সমাজের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন স্প্যানিশ তারকা আলকারাজ।

রবিবার উইম্বলডনের সেন্টার কোর্টে ছিল দুই তারকার ফাইনাল দ্বৈরথের ‘দ্বিতীয় এপিসোড।’ যেখানে ফরাসি ওপেনের বদলা নিয়ে আলকারাজকে হারালেন বিশ্বের পয়লা নম্বর সিনার। ৩ ঘণ্টা ৪ মিনিটের লড়াই শেষে কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জয়ের পথে ইতালিয়ান তারকার পক্ষে স্কোরলাইন ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪।

টেনিসের দুই সেনসেশনের লড়াই দেখতে এদিন কানায় কানায় ভর্তি ছিল সেন্টার কোর্ট। ক্রীড়াবিশ্ব, বলিউড, হলিউডের একঝাঁক রথী-মহারথীদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়াও। মুখোমুখি সাক্ষাৎকারে ৮-৪ ব্যবধানে এগিয়ে থেকে এদিন নেমেছিলেন আলকারাজ। সিনারের বিরুদ্ধে গত পাঁচটি লড়াইয়ের ফলও ছিল স্প্যানিশ তারকার পক্ষে। কিন্তু হাইভোল্টেজ খেতাবি লড়াইয়ে পরিসংখ্যানের কচকচানি খুব একটা কাজে লাগে না। তাই এদিন ফেভারিট হিসেবে নেমেও উইম্বলডন ট্রফি জয়ের হ্যাটট্রিক হল না আলকারাজের। উলটে প্রথম ইতালিয়ান হিসেবে উইম্বলডন জিতলেন সিনার।

গত দুইবারের চ্যাম্পিয়ন আলকারাজ এদিন শুরুটা আক্রমণাত্মক মেজাজে করেছিলেন। প্রথম সেটে ২-৪ গেমে পিছিয়ে পড়ে সেট আলকারাজই জিতেছিলেন। কিন্তু খেলা গড়ানোর সঙ্গে সার্ভিস শক্তিশালী করার পাশাপাশি আলকারাজের ফোরহ্যান্ড, গ্রাউন্ড স্ট্রোকের মোক্ষম ‘অ্যান্টিডোট’ বার করে ফেলেন সিনার। ফলে ম্যাচের রাশ ধীরে ধীরে সিনারের হাতে চলে যায়। যার জন্য অন্যদিনের তুলনায় আলকারাজ ট্রেডমার্ক ড্রপ শট বেশি ব্যবহার করলেও চেনা ঝাঁঝ পাওয়া যায়নি। বরং গোটা ম্যাচেই কার্যত ‘ক্যাচআপ গেম’ খেলতে বাধ্য হলেন আলকারাজ।

প্যারিসে তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে আলকারাজ চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু এদিনের সেন্টার কোর্ট সিনারকে খালি হাতে ফেরায়নি। চতুর্থ সেটে প্রথম সুযোগে ম্যাচ পয়েন্ট কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হয়ে যান সিনার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *