উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমাতে চাইলেই আলু, ময়দা, চিনি সহ যে খাবারে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি সেগুলি আমরা আগে ত্যাগ করি। কিন্তু পুষ্টিবিদদের মতে, কার্বোহাইড্রেট বেশি থাকা খাবার মানেই অস্বাস্থ্যকর নয়। বরং সেগুলি স্বাস্থ্যকর (Wholesome Meals)। রইল এমন কয়েকটি খাবারের সন্ধান।
ওটস
এক বাটি ওটসে (৮১ গ্রাম) কার্বোহাইড্রেট থাকে ৫৪ গ্রাম। তবে সঙ্গে থাকে উপকারী ৮ গ্রাম ফাইবারও। ওটসও স্বাস্থ্যের জন্য উপকারী। কার্বোহাইড্রেট বেশি থাকা সত্ত্বেও ওজন কমাতে সহায়ক।
কিনোয়া
রান্না করা কিনোয়ায় ৭০ শতাংশই থাকে কার্বোহাইড্রেট। তবে তার পাশাপাশিই থাকে আরও অনেক পুষ্টিগুণ। বাড়তি পাওনা কিনোয়া সম্পূর্ণ গ্লুটেন মুক্ত।
কলা
মাঝারি মাপের একটি কলায় ২৭ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। কিন্তু তার সঙ্গে থাকে পটাসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন বি৬। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
রাঙা আলু
১০০ গ্রাম রান্না করা রাঙা আলুতে থাকে ২১ গ্রাম কার্বোহাইড্রেট। তার সঙ্গে ফাইবার, ভিটামিন এ, সি এবং পটাসিয়াম থাকে রাঙা আলুতে। এই সবজি ওজন কমানোর ডায়েটে নিয়মিত রাখতে বলেন পুষ্টিবিদেরা।
কাবলি ছোলা
রান্না করা ১০০ গ্রাম কাবলি ছোলায় থাকে ৪৫ গ্রাম শর্করা। কিন্তু কাবলি ছোলায় যেমন ফাইবারের মাত্রা থাকে বেশি, তেমনই থাকে প্রোটিন, আয়রন। যা শরীর ভাল রাখার পাশপাশি ওজন কমানোর ক্ষেত্রেও কার্যকরী।
