উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার সকাল থেকেই ঘন ধোঁয়াশায় ঢাকল রাজধানীর আকাশ। ফের ‘খুব খারাপ’ পর্যায়ে নেমে এসেছে দিল্লির বাতাসের মান (Delhi Air High quality)। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) জানিয়েছে, ধোঁয়াশা এবং মৃদু গতির বাতাসের কারণেই বেড়েছে দূষণের মাত্রা। বেশ কয়েকটি এলাকায় বাতাসের মান ‘গুরুতর’ সীমা অতিক্রম করেছে। অর্থাৎ সেসব এলাকায় বাতাসের গুণগত মানের সূচক ৪০০ ছাড়িয়ে গিয়েছে (Air High quality Index)।
সিপিসিবির নিজস্ব অ্যাপের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৭টায় দিল্লির বাতাসের মান ছিল ৩৭৭। যা শুক্রবার ২১৮ ও শনিবার ২৩৩ ছিল। ফলে একলাফে যে অনেকটা বেড়েছে দূষণের মাত্রা, তা কার্যত স্পষ্ট। তবে উত্তর দিল্লির ওয়াজিরপুর এবং দক্ষিণ দিল্লির আরকে পুরম শহরের পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। এই দুই এলাকায় দূষণের মাত্রা ছিল যথাক্রমে ৪৩২ এবং ৪২৫। এছাড়াও বুরারি (৪১২), বাওয়ানা (৪১৩), দ্বারকা সেক্টর-৮ (৪০৭), নেহরু নগর (৪০৩), পাঞ্জাবি বাগ (৪০৩), রোহিণী (৪১৫) সহ আশেরপাশের বেশ কয়েকটি এলাকায় বাতাসের মান ছিল ‘গুরুতর’ পর্যায়ে।
তবে মাত্র তিনটি এলাকা এনএসআইটি দ্বারকা (২৫৪), দিলশাদ গার্ডেন (২৭০) এবং দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (২৯২) এলাকায় বাতাসের মান ছিল ‘খারাপ’ পর্যায়ে।
এদিকে, দূষণের কারণে কমেছে দৃশ্যমানতাও। দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্রের রিপোর্ট অনুসারে, সফদরজংয়ে দৃশ্যমানতা ছিল ৯০০ মিটার, পালামে দৃশ্যমানতা ছিল ১৩০০ মিটার।
উল্লেখ্য, দীপাবলির সময় আতশবাজির দাপটে দূষণের মাত্রা বেড়ে গিয়েছিল দিল্লিতে। অবশেষে ‘ক্লাউড সিডিং’ প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিম বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার। সেইমতো ‘ক্লাউড সিডিং’ প্রক্রিয়া সম্পন্ন করার পরও হয়নি বৃষ্টি। ফলে বাতাসে কমেনি দূষণের মানও। তবে দিনের পর দিন দিল্লির বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ যে বেড়েই চলেছে, তা স্পষ্ট।
