পরাগ মজুমদার,বহরমপুর: কলকাতা থেকে বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে নিজের গড়ে ফিরেই শনিবার ‘রুদ্রমূর্তি’ ধারণ করলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ন কবির (Humayun Kabir)। এদিন সন্ধ্যায় মুর্শিদাবাদে (Murshidabad) দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের কুরবানীর নির্দেশিকার বিরুদ্ধে কার্যত ‘জিহাদে’র ঘোষণা হুমায়ূনের গলায়। রীতিমত হুঁশিয়ারি দিয়ে ঈদের দিন কুরবানী পালনের পক্ষে সওয়াল করলেন তিনি। আর এতেই জেলার প্রশাসনিক মহল জুড়ে শোরগোল পড়ে যায়।
এদিন শুরুতেই হুমায়ন গুজরাট-বিহারের প্রসঙ্গ তুলে বলেন, “কুরবানি বন্ধ কখনোই হবে না। যারা বর্তমান সরকারের নির্দেশিকা নিয়ে চামচাগিরি করছে, সেই সকল তৃণমূল ও কংগ্রেসের বিধায়করাও চুপচাপ হয়ে বসে আছে। তবে আমি হুমায়ুন কবির, কোনো রকমের বাঁদরামো সহ্য করব না। প্রয়োজনের চাবকে পিঠের ছাল তুলে দেব, দেখি কে কি করতে পারে।” স্বাভাবিকভাবেই হুমায়ুন কবিরের এমন ফতোয়াকে ঘিরে রীতিমতো শোরগোল পরে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে।
