উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দফায় দফায় বৃষ্টির (West Bengal Climate Replace) পর শুক্রবার থেকেই কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছিল। তবে আজ শনিবার ফের তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আজ অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক-দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ আবহাওয়ার একই রকম ছবি দেখা যাবে। প্রায় সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলার এক-দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

