উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাঁচি-কাশির সমস্যায় ভোগেন অনেকে। এমন সমস্যায় খালি পেটে ঈষদুষ্ণ জলে এক চামচ ঘি, এক চিমটে হলুদ ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে দারুণ কাজে দেয়। শুধু হাঁচি-কাশির সমস্যাই নয়, বেশ কিছু শারীরিক সমস্যা দূর করতে সাহায্য করে এই পানীয় (Well being Ideas)।
প্রদাহ কমাতে সহায়ক
হলুদের মধ্যে কারকিউমিন রয়েছে, যা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান হিসেবে কাজ করে। শরীরে এই কারকিউমিন শোষণে সাহায্য করে গোলমরিচে থাকা পিপারিন নামের যৌগ। এই দুই উপাদানই শরীরের প্রদাহ কমাতে সহায়ক। শীতকালে বাতের ব্যথা, যে কোনও সংক্রমণের হাত থেকে শরীরকে সুস্থ রাখে এই পানীয়।
ডিটক্সিফিকেশনে সাহায্য করে
ঈষদুষ্ণ জলে এক চামচ ঘিয়ের সঙ্গে হলুদ ও গোলমরিচের গুঁড়ো মেশাতে হবে। রোজ সকালে খালি পেটে এই পানীয়টি খেলে শরীরে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যায়। এই পানীয় লিভার ও কিডনি ডিটক্সিফাই করতে সাহায্য করে। পেট সাফ করে দেয়। এর জেরেও একাধিক রোগ ও সংক্রমণের ঝুঁকি এড়ানো যায়।
বিপাক হার বাড়িয়ে তোলে
ঘি, হলুদ ও গোলমরিচের সংমিশ্রণ বিপাক হার বাড়ায় এবং হজমে সহায়তা করে। এটি মিশ্রণটি খাবার থেকে পুষ্টি শোষণে সাহায্য করে। পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। ফলে বদহজম, কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজেই এড়ানো যায়।
