উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিটামিন, খনিজ আর ফাইবারে ভরপুর ফল হল আমাদের সুস্থ থাকার চাবিকাঠি। নিয়মিত ফল খাওয়া শরীরের জন্যই ভালো। তবে ফল খাওয়ার পরই যদি জল পান করেন, তাতে উলটে ক্ষতিই হতে পারে। কারণ ফল দ্রুত হজম হয়ে যায়। তবে পেটে এই ফল হজম করার জন্য বিশেষ কিছু প্রস্তুতি নিতে হয়। তাই ফল খাওয়ার পরই জল পান করলে সেই স্বাভাবিক হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। আর হজম প্রক্রিয়া বিঘ্নিত হলে কী কী হতে পারে? জেনে নিন (Well being Ideas)।
১. হজম প্রক্রিয়া ধীর হয়ে গেলে ফলের শর্করা বা গ্লুকোজ সঠিকভাবে প্রক্রিয়াকরণ হতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। যা ডায়াবিটিসের ঝুঁকি বাড়াতে পারে।
২. ফল হজম করার জন্য আমাদের পাকস্থলীতে কিছু অ্যাসিড এবং বিশেষ পাচক উৎসেচক তৈরি হয়। যা ফলের জটিল উপাদানগুলিকে ভেঙে দিয়ে শরীরকে পুষ্টি শোষণে সাহায্য করে। কিন্তু ফল খাওয়ার ঠিক পরেই জল পান করলে এই গুরুত্বপূর্ণ পাচক রসগুলি পাতলা বা লঘু হয়ে যায়। যার ফলে এনজাইমগুলি ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়। আর হজম ঠিকমতো না হলে ফলের সমস্ত পুষ্টিগুণ শরীর গ্রহণ করতে পারে না।
৩. সঠিক হজমের জন্য পাকস্থলীর একটি নির্দিষ্ট পিএইচ মাত্রা বজায় রাখা দরকার। ফল খাওয়ার পর জল পান করলে পাকস্থলীর অ্যাসিডিটির মাত্রা কমে গিয়ে পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে হজমে ব্যাঘাত ঘটে এবং অস্বস্তি বাড়ে।
তবে ফল খাওয়ার কতক্ষণ পর জল পান করা উচিত?
ফল খাওয়ার পর অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর জল পান করা উচিত। এর মধ্যে ফল অনেকটাই হজম হয়ে যায় এবং পাচক রসগুলো তাদের কাজ শেষ করতে পারে। তবে ফল খাওয়ার পর খুব তেষ্টা পেলে সামান্য জল পান করতে পারেন। কিন্তু এক গ্লাসভর্তি জল ভুলেও পান করবেন না।
