উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দৈনন্দিন গৃহস্থালির কাজ, বিশেষ করে রান্না করতে গিয়ে খুন্তি নাড়তে গেলেই কি কাঁধের পেশিতে টান লাগছে? কিংবা রাতে পাশ ফিরে শুলে যন্ত্রণায় ঘুম ভেঙে যাচ্ছে? চিকিৎসকদের মতে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা বা কাঁধের পেশির ওপর অতিরিক্ত চাপ পড়ার কারণে অনেকেরই এই সমস্যা দেখা দিচ্ছে। তবে কিছু সহজ স্ট্রেচিং বা ব্যায়াম নিয়মিত করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
কেন এই ব্যথা?
বিশেষজ্ঞদের মতে, কাঁধের ‘রোটেটর কাফ’ বা পেশিতে টান ধরলে এই ধরণের ব্যথা হয়। অনেক সময় ফ্রোজেন শোল্ডারের প্রাথমিক লক্ষণ হিসেবেও এমন যন্ত্রণা দেখা দেয়। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই ব্যথা হাতের আঙুল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
ঘরোয়া ৩টি সহজ ব্যায়াম:
১. শোল্ডার রোল (Shoulder Rolls): সোজা হয়ে দাঁড়িয়ে বা বসে কাঁধ দুটিকে কানের কাছাকাছি তুলে নিয়ে যান। এরপর বৃত্তাকারে (Clockwise এবং Anti-clockwise) ১০ বার করে ঘোরান। এটি কাঁধের আড়ষ্টতা কাটাতে সাহায্য করে।
২. ওয়াল স্ট্রেচ (Wall Stretch): দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে এক হাত দেয়ালের ওপর রাখুন। এবার ধীরে ধীরে দেয়াল ঘেঁষে হাতটি ওপরের দিকে তুলুন যতটা সম্ভব। এই অবস্থায় ১০ সেকেন্ড থেকে হাত নামিয়ে নিন। অন্য হাতেও একই পদ্ধতি অনুসরণ করুন।
৩. ক্রস বডি স্ট্রেচ (Cross-body Stretch): আপনার ডান হাতটি বাম কাঁধের দিকে আড়াআড়িভাবে নিয়ে যান। এবার বাম হাত দিয়ে ডান হাতের কনুইয়ের ওপর হালকা চাপ দিয়ে নিজের দিকে টানুন। ৫-১০ সেকেন্ড ধরে রেখে অন্য হাতেও একই ব্যায়াম করুন।
কিছু জরুরি টিপস:
-
রান্নার সময় বা ভারী কিছু তোলার সময় কাঁধের ওপর অতিরিক্ত চাপ দেবেন না।
-
ব্যথার জায়গায় দিনে দু’বার গরম সেঁক দিতে পারেন, এতে রক্ত সঞ্চালন ভালো হয়।
-
শোওয়ার সময় খুব বেশি উঁচু বালিশ ব্যবহার করবেন না।
