উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ততার জীবনে জিম বা নিয়মিত হাঁটার সময় পাচ্ছেন না? অথচ শরীরের বাড়তি মেদ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? ফিটনেস কোচ মিকি মেহতার মতে, এই সমস্যার এক সহজ ও কার্যকর সমাধান হতে পারে আপনার বাড়ির বা অফিসের সিঁড়ি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সমতলে হাঁটার চেয়ে অভিকর্ষের বিরুদ্ধে সিঁড়ি দিয়ে উপরে ওঠা অনেক বেশি কার্যকরী। এতে শরীরের সামগ্রিক ওজন নিয়ে মাধ্যাকর্ষণ বলের বিরুদ্ধে ধাপে ধাপে চড়তে হয় বলে শক্তিক্ষয় এবং মেদ গলার গতি সমতলে হাঁটার চেয়ে তিন গুণ দ্রুত হতে পারে। ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’-এর একটি রিপোর্টও এই তথ্যকে সমর্থন করে।
সিঁড়ি ভাঙার ফলে হৃৎস্পন্দন ও বিপাক হার বাড়ে, যা মেদ ঝরাতে সহায়ক। বিশেষ করে তলপেট, ঊরু, নিতম্ব এবং পায়ের পেশি মজবুত হয়। ওজন কমানোর পাশাপাশি সিঁড়ি চড়া হার্টের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। ‘মেডিসিন অ্যান্ড সায়েন্স ইন স্পোর্টস অ্যান্ড এক্সটারনাল জার্নাল’-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, সপ্তাহে মাত্র ৩০ মিনিট সিঁড়িতে চড়লেও হার্ট ভালো থাকে।
ফিটনেস প্রশিক্ষকের পরামর্শ, দিনে ৮-১০ মিনিট সিঁড়ি চড়ার অভ্যাস দিয়েই শুরু করা যেতে পারে। অফিস যাওয়ার সময় লিফটের বদলে ২-৩ তলা হেঁটে ওঠা বা বাড়িতে মাঝেমধ্যে সিঁড়ি ব্যবহার করা সহজ উপায়। তবে সিঁড়ি চড়ার পাশাপাশি হাঁটার অভ্যাসও রাখা দরকার। তবে সাবধান, হার্টের সমস্যা বা শ্বাসের কষ্ট থাকলে জোর করে এই ব্যায়াম করা অনুচিত। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
