WB Election 2026 | ‘তৃণমূল ক্ষমা চাইলে তবেই সমর্থন’! ফল ঘোষণার আগে ভোল বদল হুমায়ুনের

WB Election 2026 | ‘তৃণমূল ক্ষমা চাইলে তবেই সমর্থন’! ফল ঘোষণার আগে ভোল বদল হুমায়ুনের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (WB Election 2026) দামামা শান্ত হতেই ফের ভোলবদল করলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবীর (Humayun Kabir)। শাসক শিবির থেকে বহিষ্কৃত এই নেতা এখন তৃণমূলের (TMC) দিকেই ‘সন্ধি’র হাত বাড়িয়ে দিয়েছেন। তবে সেই সমর্থনে জুড়ে দিয়েছেন একগুচ্ছ বিতর্কিত শর্ত। শনিবার বহরমপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তৃণমূল যদি তাঁর কাছে নতিস্বীকার করে, তবেই তিনি সরকার গঠনে পাশে থাকার কথা ভাববেন।

ফলপ্রকাশের দু’দিন আগে হুমায়ুন কবীর বলেন, “তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে যে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে— তবেই আমি সমর্থনের চিন্তাভাবনা করব।” একইসঙ্গে তাঁর হুশিয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪ মে-র পর দুবাই চলে যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার মন্দিরে সংকীর্তন করবেন।

নির্বাচনের আগে দলবিরোধী মন্তব্যের জেরে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল গঠন করেছিলেন হুমায়ুন। ২৬-এর বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনে প্রার্থী দিলেও ভোটের ঠিক আগে প্রায় ৮০ জন প্রার্থী তাঁর দল ছেড়ে সরে দাঁড়ান। এর ওপর বিজেপির সঙ্গে মোটা অঙ্কের ‘ডিল’ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ায় চরম অস্বস্তিতে পড়ে তাঁর দল। কার্যত লড়াইয়ের আগেই ছত্রাখান হয়ে যায় আমজনতা উন্নয়ন পার্টি।

রাজনৈতিক মহলের মতে, দলের এমন শোচনীয় অবস্থায় নিজের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতেই ফের তৃণমূলের শরণাপন্ন হওয়ার পথ খুঁজছেন হুমায়ুন। যদিও যেভাবে তিনি দলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেছেন, তাতে শাসক শিবির তাঁর এই ‘শর্তসাপেক্ষ’ সমর্থনকে কতটা গুরুত্ব দেবে, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *