উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য রাজনীতির নজর এখন ভোটগণনার দিকে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বিভিন্ন আসনে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সোমবার হলদিয়া গভর্নমেন্ট হাইস্কুলের গণনাকেন্দ্রের সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন যে, বিজেপি বহু আসনে অভাবনীয়ভাবে এগিয়ে রয়েছে। তাঁর মতে, এই ধারা বজায় থাকলে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়বে। তিনি বলেন, “তৃণমূল পিছিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে গিয়েছে। কতগুলি আশ্চর্য রকমের সিটে বিজেপি এগিয়ে গিয়েছে। এটাকে ট্রেন্ড হিসেবে ধরলে তৃণমূল কবরে চলে যাওয়ার সময় এসে গিয়েছে।”
গণনার প্রাথমিক পর্যায়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি ছিল ভিন্ন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও এগিয়ে রয়েছেন। তাঁর কথায়, “শুধু আর কিছু সময়ের অপেক্ষা। আমরা বেশি আনন্দ করতে চাই না, অন্যের মনে দাগা দিতে চাই না।”
এদিন হলদিয়া গভর্নমেন্ট হাইস্কুলে গণনাকেন্দ্রে ঢোকার সময় কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গণনাকেন্দ্রে প্রবেশের মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপি সাংসদকে বাধা দেন বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তিনি ভেতরে প্রবেশ করেন।
ভোটের চূড়ান্ত ফলাফল কী হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই আত্মবিশ্বাসী দাবি কতটা বাস্তবে রূপ পায়, তা আর কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।
