উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়ে আপাতত অন্তরালেই ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস (TMC) তাঁর ওপর ফের আস্থা রাখবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘ জল্পনা ছিল। তবে দলের প্রার্থী তালিকায় নাম না থাকায় সেই জল্পনার অবসান ঘটে। আজ, রাজ্যের দ্বিতীয় দফার ভোটের সকালেই সেই নীরবতা ভেঙে একের পর এক ‘বোমা’ ফাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
ভোট (WB Election 2026) না দিয়ে বাড়িতে বসেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পার্থ বাবু। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের বিবর্তন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “কার্বাইড দিয়ে পাকানো আম যেমন মিষ্টি হয় না, তেমনই জোর করে আনা পরিবর্তন কাম্য নয়।” তাঁর মতে, দলের নীতি যেভাবে চলছে এবং যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে কেউ যেন দলের শক্ত ভিতে টক্কর দিচ্ছে।
দলের বর্তমান নেতৃত্বের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, দলের পক্ষ থেকে তাঁকে ‘অস্পৃশ্য’ ঘোষণা করা হলেও সাধারণ কর্মীরা এবং অনেক নেতা এখনও তাঁর খবর রাখেন। হুঁশিয়ারির সুরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমাকে রাজনৈতিক ডাস্টবিন করে রাখা যাবে না। পার্থ চুপ করে বসে থাকবে না। এই বাংলা জুড়ে আমার হাজার হাজার সমর্থক আছে।” তিনি আরও যোগ করেন যে, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁর সম্পর্ক কখনোই খারাপ ছিল না এবং আজও নেই। সময় এলে তিনি সবকিছুর উত্তর দেবেন বলেও জানান।
পার্থ চট্টোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনই কোনো তর্কে জড়াতে চাননি বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। পার্থর মন্তব্যের পাল্টা কোনো উত্তর দিতে তিনি অস্বীকার করেছেন।
সব মিলিয়ে, নির্বাচনের দিন প্রাক্তন মহাসচিবের এই মন্তব্য যে শাসক দলের অস্বস্তি বাড়াল, তা বলার অপেক্ষা রাখে না।
