উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পতন এবং বিজেপির বিপুল সাফল্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ৫ মে এক দীর্ঘ বার্তায় তিনি বাংলায় শাসকদলের পরিবর্তনের এই মুহূর্তটিকে ‘সত্যের জয়’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন গত কয়েক বছরে তাঁর এবং তাঁর চলচ্চিত্রের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা।
বিবেক অগ্নিহোত্রী তাঁর পোস্টে অভিযোগ করেছেন, তৎকালীন মমতা সরকার কীভাবে পরিকল্পিতভাবে তাঁর চলচ্চিত্র প্রদর্শনে বাধা সৃষ্টি করেছিল। তাঁর দাবি, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির সময় বাংলায় তাঁকে বয়কট করা হয়েছিল এবং প্রেক্ষাগৃহ থেকে ছবি সরিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, গত বছর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার লঞ্চের সময় তাঁর ও তাঁর দলের ওপর শারীরিক হামলা চালানো হয়েছিল বলেও তিনি অভিযোগ আনেন।
তৎকালীন সরকারের দমনপীড়নের কথা উল্লেখ করে বিবেক জানান, তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল, যার ফলে তিনি রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতেও বাংলায় আসতে পারেননি। তবে এই প্রতিকূলতা সত্ত্বেও তিনি দমে যাননি।
বিবেক একটি পুরনো ভিডিও পুনরায় শেয়ার করেছেন, যেখানে তাঁকে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে ছবি মুক্তির জন্য অনুরোধ জানাতে দেখা গেছে। তিনি মনে করিয়ে দেন, সিবিএফসি (CBFC) অনুমোদিত ছবি প্রদর্শন নিশ্চিত করা সরকারের সাংবিধানিক কর্তব্য। বাংলার ইতিহাসকে একটি ‘বেদনাদায়ক অধ্যায়’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, হিন্দু গণহত্যা নিয়ে সরব হওয়া যদি অপরাধ হয়, তবে তিনি সেই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছেন।
