উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পর অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির দাপট বেশি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির প্রকোপ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত দুর্যোগ জারি থাকবে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ আকাশ মেঘলা থাকবে (South Bengal)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা। রবিবার বিশেষ করে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়াতে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বিকেল নাগাদ উল্লিখিত জেলাগুলোতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
