প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: বড়দিনের উৎসবেও ভিস্টাডোমে (Vistadome replace) আগ্রহ নেই পর্যটকদের। গত কয়েকদিনের রেলের টিকিট বুকিংয়ের তথ্যই বিষয়টি পরিষ্কার করে দিচ্ছে। আর এমন পরিস্থিতির জেরে স্বাভাবিকভাবেই নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জংশন রুটে চলা ভিস্টাডোমের নিয়মিত চলাচল নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। বুকিংয়ের হিসেব বলছে, বড়দিন থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভিস্টাডোমের আসন অনেকাংশেই ফাঁকা থাকছে। এনজেপি (NJP) থেকে যাওয়ার ক্ষেত্রে ২৫-২৬ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর-১ জানুয়ারিতে প্রায় ৬০ শতাংশ আসন বুক হলেও বাকি দিনগুলিতে টিকিট বুকিং প্রায় নেই। উলটোদিকে আলিপুরদুয়ার জংশন থেকে এনজেপি পর্যন্ত এই কয়েকদিনে ৪২টি আসনের মধ্যে প্রায় ৩০টিই খালি রয়েছে বলে জানা গিয়েছে। যাত্রী সংখ্যা কম থাকায় গত ১০ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ভিস্টাডোম বন্ধ রাখা হয়েছিল। বড়দিনের উৎসবের কথা মাথায় রেখেই ২১ ডিসেম্বর থেকে ফের তা চালানোর সিদ্ধান্ত নেয় রেল।
এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়ার ডিসিএম আসিফ আলি বলেন, ‘বড়দিন ও বর্ষবরণের কথা মাথায় রেখে ভিস্টাডোম চালানো হচ্ছে। তবে যাত্রী কমে আসার বিষয়টি সত্যিই ভাবাচ্ছে।’ এদিকে, পর্যটন ব্যবসায়ীদের কাছ থেকে জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে ডুয়ার্সের পর্যটকদের উপস্থিতি দেখা যায়। তবে ২৩ তারিখ নাগাদ সেই সংখ্যাটা বাড়ে। চিলাপাতা, জলদাপাড়া সহ বিভিন্ন জায়গার হোটেল ও রিসর্টগুলিতে বড়দিন থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভালো বুকিং রয়েছে।
এই নিয়ে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন পুরোহিত বলেন, ‘বড়দিনের মরশুমে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন পর্যটনকেন্দ্রের হোটেল, রিসর্টে বুকিং রয়েছে। ভিস্টাডোমে যাত্রীভাড়া বেশি থাকায় পর্যটকদের বড় অংশ সড়কপথে যাতায়াত করছেন বলেই আমার ধারণা।’ অন্যদিকে, বড়দিনে উৎসবে পর্যটকদের উপস্থিতির কথা মাথায় রেখেই ভিস্টাডোমের জৌলুস ফেরাতে চেয়েছিল রেলমন্ত্রক। বড়দিন ও বর্ষবরণ উৎসবে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গার পর্যটকদের ডুয়ার্সে (Dooars Tourism) ভিড় করতে দেখা যায়। তবে কেন ভিস্টাডোমে পর্যটক কমছে তা জানতে বিষয়টি রেলকর্তারা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। যদিও রুট বা সময় বদল করে ভিস্টাডোম চালানো হবে কি না সেই বিষয়ে রেলকর্তারা স্পষ্ট করে কিছু বলতে পারেননি।
এই প্রসঙ্গে রতন চৌধুরী নামে দক্ষিণবঙ্গের এক পর্যটকের কথায়, ‘বিভিন্ন সময় ডুয়ার্সে বেড়াতে এলেও ভিস্টাডোমে চড়া হয়নি। তাই এবার সপরিবারে ভিস্টাডোম টিকিট কেটেছিলাম। তবে যাত্রীদের সংখ্যা খুব বেশি নয়। আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে হাতেগোনা যাত্রী বুকিং করে।’
