উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান। আজ সকাল ১০টায় তামিলনাডুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu New CM) হিসেবে শপথ নিতে চলেছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় (Vijay Oath Ceremony)। শনিবার রাজ্যপালের সবুজ সংকেত পাওয়ার পর তাঁর দল ‘তামিলগা ভেট্রি কাজগম’ (TVK) সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। এর মাধ্যমে টানা ৫৯ বছর পর তামিলনাডু কোনও অ-দ্রাবিড়ীয় মুখ্যমন্ত্রী পেতে চলেছে।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও ম্যাজিক ফিগার থেকে ১০টি আসন দূরে ছিল। তবে শেষ মুহূর্তে ডিএমকে জোটের শরিক দল—কংগ্রেস (৫), সিপিআই (২), সিপিআইএম (২), ভিসিকে (২) এবং আইইউএমএল (১) বিজয়কে সমর্থন জানানোয় পাল্লা ভারী হয়। মোট ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করেন বিজয়। গত এক সপ্তাহে চারবার রাজ্যপালের সঙ্গে দেখা করার পর অবশেষে এই সাফল্য এল। এর আগে দুবার প্রয়োজনীয় সমর্থন দেখাতে না পারায় সরকার গঠন থমকে গিয়েছিল।
বিজয় আজ একাই শপথ নেবেন। মন্ত্রীসভার আকার এবং কারা কোন দপ্তর পাবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। ঐতিহাসিক এই শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ।
