লুলা থেকে রোনাল্ডো, এক আশ্চর্য যুগের কাহিনী শোনাচ্ছে পৃথিবী। বয়স সেখানে সত্যিই এক সংখ্যা।
রূপায়ণ ভট্টাচার্য
গণসংগীতের রমরমার যুগে সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি’, সুর করেছিলেন পরেশ ধর। ‘নয়া সুনার বঙ্গালে’ সুকান্তের শতবর্ষ নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। তবে তাঁর সেই গানের রেশ বারবার ফিরে আসছে পৃথিবীর আনাচে-কানাচে।
পৃথিবীর ঘড়িতে কি গোলমাল হয়েছে? সময় এগোচ্ছে, অথচ ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে থাকা মুখগুলো বদলাচ্ছে না। ব্রাজিলে ৮১ বছরের লুলা দ্য সিলভা আবার নির্বাচনে জেতার পর পৃথিবীর মানচিত্রের দিকে তাকাতে বাধ্য হই ফের। পৃথিবী চালাচ্ছে কারা? কত বয়স তাঁদের? বাঙালিদের অনেকে এখন ৭০ পেরোলেই বৃদ্ধাশ্রমের খোঁজ নিচ্ছেন। কেন, কীসের দরকার!
আমেরিকায় ৮০ বছরের ডোনাল্ড ট্রাম্প। ভারতে ৭৬-এর নরেন্দ্র মোদি, রাশিয়ায় ৭৪ বছরের ভ্লাদিমির পুতিন, চিনে ৭৩-এর শি জিনপিং অপ্রতিদ্বন্দ্বী। মাঠেও একই চমক। জাতীয় দল থেকে অবসর নিলেও ৪১-এর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ৩৯ বছরের লিওনেল মেসি এখনও প্রতিদিন খবরে। ক্লাবজার্সিতে প্রতিপক্ষের রক্ষণে বিভ্রম তৈরি করার জন্য। ৪১-এর লুকা মডরিচ যেমন এই বয়সেও এসি মিলানের ভরসা। বাস্কেটবলে ৪১ ছোঁয়া লেব্রন জেমস নতুন দলের হয়ে অন্য অধ্যায় শুরুর পথে। কালীপুজোর আগে রামপ্রসাদি সুরে যেন সবাই গাইছেন, ‘তিলেক দাঁড়া ওরে বয়স বদন ভরে যৌবনকে ডাকি রে!’
দেখুন, আলোচনাটা কীভাবে ঘুরে যাচ্ছে অন্য পথে! কে কতদিন বাঁচছেন, তা নয়। কে কতদিন প্রাসঙ্গিক থাকছেন, প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত থাকছেন? আর কেন পৃথিবী বারবার তাঁদের কাছেই ফিরে যাচ্ছে?
এই মুহূর্তে এই গল্পের সবচেয়ে নাটকীয় চরিত্র লুলা। কারাবাস, রাজনৈতিক বিপর্যয়, পরাজয় পেরিয়ে চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি। দু’দিন পরে পা দিলেন ৮১ বছরে। তার মধ্যে জেলে থাকার সময়ই প্রেম করেছেন, বিয়ে করেছেন ৬০ বছরের জাঞ্জাকে।
লুলার জয় শুধু প্রবীণ রাজনীতিকের প্রত্যাবর্তন বলি কী করে? একটি দেশে স্মৃতির ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ দাবি করার কাহিনী। তরুণ ভোটারের কাছে পৌঁছোতে প্রচারের ভাষা বদলেছেন। বোঝাতে চেয়েছেন, বয়স তাঁর বোঝা নয়, লড়াইয়ের সঞ্চয়।
ট্রাম্পের সঙ্গে লুলার মতাদর্শের দূরত্ব কয়েক আলোকবর্ষের। তবু দুজনের রাজনৈতিক শক্তিতে অদ্ভুত মিল। তাঁরা নিজেদের দলকে ছাপিয়ে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। সমর্থকরা তাঁদের মধ্যে শুধু নীতি দেখেন না, দেখেন একজাতীয় ব্যক্তিগত প্রতিশ্রুতি। ভারতে মোদির জনপ্রিয়তার ক্ষেত্রেও এই ব্যক্তিকেন্দ্রিকতার ভূমিকা। তবে পুতিন বা শি জিনপিংয়ের দীর্ঘ আধিপত্যকে একই ছাঁচে ফেলা ভুল। সেখানে দল, রাষ্ট্রযন্ত্র ও ক্ষমতার কাঠামোর নিয়ন্ত্রণ অনেক বেশি নির্ধারক। ফলে সব প্রবীণ শাসকের দীর্ঘায়ু একই গণতান্ত্রিক গল্প বলে না।
ক্যামেরুনের রাষ্ট্রপতি পল বিয়ার বয়স ৯৩। চার দশকের বেশি ক্ষমতায়। সৌদি আরবের রাজা সলমন ৯০, যদিও দৈনন্দিন শাসনে প্রধান ভূমিকা যুবরাজের। ইকুয়েটোরিয়াল গিনির তেওদোরো ওবিয়াং ৮৪, জিম্বাবোয়ের এমারসন মানাঙ্গাগওয়া ৮৪, উগান্ডার ইয়োওয়েরি মুসেভেনি ৮২। অনেকের রাজনৈতিক জীবন তাঁদের দেশের বিপুলসংখ্যক তরুণ নাগরিকের সমগ্র জীবনের চেয়েও দীর্ঘ। মানতেই হবে, দীর্ঘ শাসন মানে দক্ষতার বিজয় নয়। কোথাও নির্বাচনি গ্রহণযোগ্যতা, কোথাও প্রতিদ্বন্দ্বিতার পথ সংকীর্ণ হওয়ার ইতিহাস। অভিজ্ঞতার সঙ্গে ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতাকে গুলিয়ে ফেললে ভুল হবে।
তবু কেন বয়স্ক মুখের এত চাহিদা? প্রথম কারণ অনিশ্চয়তার ভয়। যুদ্ধ, মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক অস্থিরতার যুগে পরিচিত নেতা অনেকের কাছে আশ্বাস। দু’নম্বর কারণ, উন্নত চিকিৎসা, পুষ্টি ও শরীরচর্চা। দীর্ঘদিন সক্রিয় থাকার সুযোগ বেড়েছে, যদিও সবার সমান নয়। তৃতীয় কারণ, প্রচারের বদলে যাওয়া পৃথিবী। আগে দল তৈরি করত নেতার পরিচয়। এখন নেতার মুখ, কণ্ঠ, বিতর্কই দলের সবচেয়ে বড় পরিচিতি। চার নম্বর কারণ, প্রতিষ্ঠিত ক্ষমতার সুবিধা— সংগঠন, অর্থ, অনুগত কর্মী, যোগাযোগ। প্রবীণ নেতাকে অপ্রতিদ্বন্দ্বী মনে হওয়ার পেছনে কখনও তাঁর দক্ষতার চেয়ে উত্তরসূরি গড়তে না পারার ব্যর্থতাই বড়।
এই দীর্ঘ সক্রিয় জীবনেরও এক শ্রেণিগত মানচিত্র আছে। রাষ্ট্রপ্রধান, তারকা বা ধনী ক্রীড়াবিদের কাছে যে চিকিৎসক, বিশ্রাম, পুষ্টি ও সহায়তার ব্যবস্থা থাকে, সাধারণ শ্রমজীবীর কাছে তা প্রায় অধরা। তাই কয়েকজন বিখ্যাত মানুষের আশ্চর্য কর্মক্ষমতাকে গোটা মানবজাতির সমান সুযোগের প্রমাণ ভাবা বিপজ্জনক। পৃথিবী দীর্ঘজীবনের দরজা খুলছে, কিন্তু চাবি সবার হাতে পৌঁছোয়নি।
তথ্য আর এক কথাও বলে। এক আন্তর্জাতিক সমীক্ষায় ১৮৬টি দেশের শীর্ষ নেতাদের মধ্যবর্তী বয়স ৬৩। আশি বছরের ট্রাম্পের চেয়েও প্রবীণ নেতা তখন মাত্র ১৬ জন। মানে সহজ। বিশ্বজুড়ে প্রবীণদের সংখ্যাগরিষ্ঠতা নেই; আছে কিছু প্রবীণ নেতার অসামান্য দৃশ্যমানতা। সেই উপস্থিতিকে সর্বজনীন সত্য ভাবলে তরুণ নেতৃত্বের উত্থান চোখ এড়িয়ে যায়।
আরও একটি বৈপরীত্য পাবেন। জনতা রাজনীতিতে বয়স নিয়ে প্রশ্ন তোলে, আবার সংকটের মুহূর্তে অভিজ্ঞ মুখের আশ্রয়ও খোঁজে। তাঁরা সবসময় বৃদ্ধ নেতৃত্ব চান না। চান নির্ভরযোগ্য নেতৃত্ব। কারণ অভিজ্ঞতা বছর গুনে আসে না, আসে সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া এবং ভুল থেকে শেখার মাধ্যমে।
রাজনীতির পর খেলার মাঠে তাকানো যাক। এখানে ক্ষমতার সংগঠন নয়, প্রতিটি খেলায় শরীরের পরীক্ষা। ক্রিশ্চিয়ানো একসময় গতিতে প্রতিপক্ষকে পিছন ফেলতেন। এখন গোলের জন্য সঠিক জায়গা বেছে নেওয়া, মুহূর্তটি বুঝে ওঠা, কঠোর অনুশীলন তাঁর মূল সম্বল। মেসিও আগের মতো সারাক্ষণ দৌড়োন না। কিন্তু বল কোথায় যাবে, প্রতিপক্ষ কখন এগোবে, সেই হিসাব মুহূর্তে কষেন। শরীরের কিছু শক্তি কমেছে, খেলার বুদ্ধি বেড়েছে। তাঁরা বয়সকে অস্বীকার করেননি; বয়সের সঙ্গে নিজেদের খেলাকেই পালটেছেন।
লেব্রন জেমসের গল্পও তাই। তেইশ নম্বর মরশুমে তাঁর নতুন শুরু মনে করিয়ে দেয়, শারীরিক সামর্থ্যের সঙ্গে অভিজ্ঞতার বোঝাপড়া কখনও খেলোয়াড় জীবনের আয়ু বাড়াতে পারে।
টেনিসে ৩৯ ছোঁয়া নোভাক জকোভিচ, মোটর রেসিংয়ে ৪১-এর লুইস হ্যামিল্টন কিংবা ৪৫ বছরের ফার্নান্দো আলন্সো সেই ব্যতিক্রমী অধ্যবসায়ের প্রতিনিধি। অবশ্য এঁরা ব্যতিক্রমই। তাঁদের দেখে ভাবা যাবে না, বয়স শরীরের ওপর কোনও প্রভাব ফেলে না।
খেলার জগতে অবশ্য উত্তরসূরি তৈরি হওয়ার পথ বন্ধ নেই। রোনাল্ডো ও মেসির পাশে এমবাপে কিংবা ইয়ামালের মতো অনেক কমবয়সি ফুটবলার নিজেদের যুগ তৈরি করছেন। এখানে প্রবীণের মুকুট নতুন প্রজন্মের মাথায় যাওয়ার সম্ভাবনা প্রতিদিন মাঠেই যাচাই হয়। এই স্বাভাবিক প্রতিযোগিতাটুকু রাজনীতিতে সবসময় থাকে না। নেতারা সময় বেশি পান। সেখানেই দুই জগতের সবচেয়ে বড় ফারাক।
সিনেমাতেও এক আশ্চর্য পরিবর্তন। ৬৪ বছরের টম ক্রুজ এখনও ছবির প্রধান আকর্ষণ। ৭৭ বছরের মেরিল স্ট্রিপ ফিরে এসেছেন ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা’-র দ্বিতীয় পর্বে। ভারতীয় ছবিতেও অমিতাভ-শাহরুখ-সলমন-আমির আজও অপ্রতিদ্বন্দ্বী। তাঁদের শক্তি শুধু পরিচিত মুখ হওয়া নয়, দীর্ঘ অভিনয় জীবনে তৈরি আস্থা। দর্শক বুঝেছেন, পর্দায় আকর্ষণীয় থাকার জন্য সবসময় তারুণ্যের মুখোশ লাগে না। কোনও কোনও চরিত্র বয়সের রেখা নিয়েই বেশি বিশ্বাসযোগ্য।
অথচ এই প্রবীণদের পাশেই উলটো স্রোত। নেপালের ৩৬ বছরের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ একসময় গান করতেন, পরে কাঠমান্ডুর মেয়র হয়েছেন; তরুণদের আন্দোলনের পর পৌঁছেছেন রাষ্ট্রক্ষমতায়। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রস্টাডোত্তির ৩৮, ইতালির জর্জিয়া মেলোনি ৪৯, এল সালভাদরের নায়িব বুকেলে ৪৫। তাঁদের সামনে দীর্ঘ রাজনৈতিক জীবন সম্ভব, কিন্তু দীর্ঘকাল শাসন করার নিশ্চয়তা নেই।
এই তরুণদের দীর্ঘ ভবিষ্যৎ নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করাও তাই কঠিন। আসলে ক্ষমতায় যাওয়ার দক্ষতা আর ক্ষমতায় থেকে প্রতিষ্ঠানকে শক্তিশালী করার দক্ষতা এক নয়। তাঁদের সাফল্য বিচার করতে হবে বিরোধীদের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং নিজের বিকল্প নেতৃত্ব তৈরির ইচ্ছা দিয়েও।
তাহলে আসল পরিবর্তন কোথায়? মানুষের জীবন আর শিক্ষা, চাকরি, অবসর— এমন তিন ঘরে বন্দি থাকছে না। ষাটে নতুন কাজ, সত্তরে নতুন লড়াই, আশিতে নির্বাচনি জয় সম্ভব। অবশ্যই সম্ভাবনা আর অধিকার এক নয়। রোনাল্ডোকে মাঠে, মেসিকে প্রতিটি আক্রমণে, লেব্রনকে প্রতিযোগিতায় নিজের জায়গা অর্জন করতে হয়। রাষ্ট্রনায়কদেরও তেমন অর্জন করতে হয় ক্ষমতা। কোনও রি-টেকের ব্যাপার নেই।
এই যুগের সবচেয়ে সুন্দর শিক্ষা তাই বয়সকে অস্বীকার করা নয়, বয়সের একচ্ছত্র শাসন অস্বীকার করা।
যৌবন যেমন যোগ্যতার নিশ্চয়তা নয়, বার্ধক্যও তেমন অযোগ্যতার শংসাপত্রও নয়। ভানু বন্দ্যোপাধ্যায় ‘আশিতে আসিও না’ ছবিতে একটি গ্রামীণ পুকুরে ডুব দিয়ে ফিরে পেয়েছিলেন যৌবন। মান্না দে’র গানে অতঃপর লিপ দিয়ে নাচতেন, ‘ও ভোলামন, দাও ডুব, ডুব দিয়ে যাও।’
ও মন, ডুব দিয়ে যাও অফুরান প্রাণশক্তিতে।
(লেখক সাংবাদিক)

