উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’-র (Nationwide Anthem) জন্য নির্দিষ্ট আইনি বিধি ও সম্মান থাকলেও, জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর (Vande Mataram) ক্ষেত্রে এখনও তেমন কোনও কড়া নিয়ম নেই। তবে এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী এই সৃষ্টির মর্যাদা বাড়াতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। সূত্রের খবর, ‘বন্দে মাতরম’ গাওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ এবং অবমাননা রুখতে শাস্তির বিধান চালুর বিষয়ে উচ্চস্তরের আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় (MHA)। সেখানে বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয় ছিল জাতীয় সংগীতের মতো ‘বন্দে মাতরম’ গাওয়ার সময়ও কি উঠে দাঁড়ানো বা নির্দিষ্ট শিষ্টাচার মেনে চলা বাধ্যতামূলক করা উচিত? বর্তমানে সংবিধানে দুই গানের মর্যাদা সমান হলেও, ১৯৭১ সালের জাতীয় অবমাননাবিরোধী আইনে ‘বন্দে মাতরম’-এর জন্য আলাদা কোনও শাস্তির কথা উল্লেখ নেই।
উল্লেখ্য, বর্তমানে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপন চলছে। ১৮৭৫ সালে রচিত এই গান প্রথম প্রকাশিত হয় ১৮৮২ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসে। এই গান ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান চালিকাশক্তি ছিল। বিজেপি দীর্ঘ দিন ধরেই এই গানকে জাতীয় সংগীতের সমতুল্য আইনি সুরক্ষা দেওয়ার সওয়াল করে আসছে। ২০২২ সালে সুপ্রিম কোর্টেও কেন্দ্র জানিয়েছিল, জাতীয় সংগীত অবমাননা করলে শাস্তির আইনি ভিত্তি থাকলেও জাতীয় গানের ক্ষেত্রে তা নেই।
সম্প্রতি হয়ে যাওয়া বৈঠকে মূলত তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে কোন পরিস্থিতিতে বা অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। জাতীয় সংগীতের মতো এর অবমাননাতেও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড নির্ধারিত হবে কি না। গানটির বিকৃতি রুখতে গায়কশৈলীর নির্দিষ্ট গাইডলাইন। তবে স্বরাষ্ট্র মন্ত্রক এখনই এনিয়ে চূড়ান্ত ঘোষণা না করলেও, ২০২৬ সালের নভেম্বরের মধ্যে এই নিয়ে বড় কোনও সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত দেশাত্মবোধক আবেগকে আইনি কাঠামোর মধ্যে আনাই কেন্দ্রের মূল লক্ষ্য।
