উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই শোরগোল ফেলে দিয়েছেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। জিম্বাবোয়ে সফরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স এবং জোড়া অর্ধশতরানের সুবাদে সিরিজের সেরা নির্বাচিত হওয়ার পর এবার আইসিসির (ICC) টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকাতেও বিরাট লাফ দিলেন তিনি। মাত্র একটি সিরিজ খেলেই আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের প্রথম ৫০ জনের মধ্যে ঢুকে পড়ে এক নতুন নজির গড়লেন বৈভব। অন্যদিকে, ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত রান পেয়ে এক দিনের (ODI) ক্রিকেটের ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করলেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল।
জিম্বাবোয়ে সফরে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ২৩০ ধাপ উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। বর্তমানে ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ৪৮ নম্বর স্থানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে তাঁর অবস্থান আট নম্বরে। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে ধাপে ধাপে ক্রিকেটারেরা ক্রমতালিকায় উপরে ওঠেন, কিন্তু বৈভবের এই উত্থান রীতিমতো উল্কার গতির মতো। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আগামী সিরিজগুলিতেও ফর্ম ধরে রাখতে পারলে র্যাঙ্কিংয়ে তিনি আরও অনেক উঁচুতে পৌঁছাবেন।
এদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে বজায় রয়েছেন ঈশান কিশন (৯১০ পয়েন্ট)। তিনে রয়েছেন অভিষেক শর্মা (৮১৯ পয়েন্ট)। এছাড়া দু’ধাপ উঠে ৭৫০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন তিলক বর্মা এবং ৭ ধাপ উঠে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আয়ার জায়গা করে নিয়েছেন ২৪ নম্বরে। বৈভবের ঠিক আগে ভারতীয়দের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব (১৯), শ্রেয়স আয়ার (২৪), শিবম দুবে (৩০) এবং সঞ্জু স্যামসন (৩৩)।
অন্যদিকে, সীমিত ওভারের অন্য ফর্ম্যাটে সুখবর রয়েছে শুভমন গিলের জন্য। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত রান পাওয়ার সুবাদে এক দিনের ক্রিকেটের (ODI) ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৮০১। নিউজিল্যান্ডের তারকা ড্যারিল মিচেলকে টপকে তিনি এই স্থান দখল করেছেন।
ওডিআই ক্রমতালিকায় তিন ও চার নম্বরে যথাক্রমে নিজের জায়গা ধরে রেখেছেন দুই অভিজ্ঞ ভারতীয় তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা (বর্তমানে তাঁরা শুধু এই ফরম্যাটেই খেলেন)। এছাড়া তালিকায় ১৩ নম্বরে রয়েছেন শ্রেয়স আয়ার এবং ১৮ নম্বরে অবস্থান করছেন লোকেশ রাহুল।

