অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: নারী নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠল উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জ (Kaliyaganj) শহরেও। শীতের আবহে রাজ্য সড়কে প্রাতর্ভ্রমণে বের হয়ে শ্লীলতাহানির শিকার হলেন এক গৃহবধূ। যদিও ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তকে।
যদিও ঘটনাটি শনিবারের। ঘটনাকেন্দ্র শহরের এনএস রোডে। ঘটনার পর ওই গৃহবধূ আতঙ্কিত হয়ে নিজেকে ঘরবন্দি করে। তবে, মঙ্গলবার শ্বশুরবাড়ির লোকজনের সাহসে কালিয়াগঞ্জ থানায় অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা মহিলা। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকালে ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।
কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘ধৃতদের একজন হল অভিষেককুমার সিং। বাড়ি ডাকবাংলো রোডের ধারে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে রোহিত সাহা নামের আরেক তরুণকে। ধৃতের বাড়ি পূর্ব আখানগর এলাকায়। এই দুইজনের বিরুদ্ধে আগেও এধরনের ঘটনার অভিযোগ রয়েছে।’
ওই গৃহবধূর দাবি, রোজকার মতো ওইদিনও তিনি শরীর, মন ঠিক রাখতে মর্নিংওয়াকে বের হন। ফাঁকা রাস্তায় বিবাহিত মহিলাকে দেখে বাইকে চড়ে দু’জন উঠতি তরুণ মহিলার পথ আটকে দাঁড়ায়। মহিলার গায়ে হাত দেওয়া ছাড়াও অশ্লীল গালাগালি করে। আচমকায় এধরনের ঘটনায় হতচকিত হয়ে পড়েন ওই গৃহবধূ। তারপর থেকে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন ওই মহিলা। শ্বশুরবাড়ির লোকজনের সাহসে কালিয়াগঞ্জ থানায় ওই দুই তরুণের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী।
শহরের বুকে এধরনের ঘটনা প্রকাশ্যে আসার পর নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কালিয়াগঞ্জে। তাহলে কি এবার রাতবিরেতে নির্বিঘ্নে চলাফেরায় আরও সাবধান হতে হবে মহিলাদের? পুলিশ প্রশাসনেরই বা ভূমিকা কি? উঠছে প্রশ্ন। কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহার বক্তব্য, ‘এই ঘটনা কালিয়াগঞ্জ শহরের সুনাম নষ্ট করছে। যা কখনই মানা যায় না। অভিযুক্তদের কঠিন শাস্তি দাবি করছি। দু’চারজনের জন্য শহরের বদনাম আমরা কখনই হতে দেব না।’
এই ঘটনা প্রকাশ্যে আসতেই কালিয়াগঞ্জ শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কালিয়াগঞ্জ এনএস রোডের বাসিন্দা গৃহবধূ শিপ্রা সাহা আতঙ্কের সুরে বলেন, ‘এধরনের ঘটনা আগে কখনও ঘটেনি শহরের বুকে। এতে আমরা যথেষ্ট চিন্তিত। আগামীদিনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে প্রশাসনের নজর রাখা উচিত।’ কালিয়াগঞ্জের বাসিন্দা বর্ণালি পালের কথায়, ‘এই সমস্ত ছেলেদের বিরুদ্ধে আইনানুগ কড়া পদক্ষেপ নেওয়া উচিত। না হলে, সমস্যা বেড়ে যাবে।’
