উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড়সড়ো প্রস্তাব নিয়ে এলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)। শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে রুবিও স্পষ্ট জানালেন, ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলার অন্যতম উপায় হতে পারে মার্কিন জ্বালানি। ভারত যত বেশি পরিমাণ জ্বালানি কিনতে আগ্রহী, আমেরিকা তা সরবরাহ করতে প্রস্তুত (US-India Power Partnership)।
ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। উল্লেখ্য, ভারতের মোট জ্বালানি চাহিদার ৮০ শতাংশই আমদানিনির্ভর, যার বড় অংশই হরমুজ প্রণালী হয়ে আসে। এই পরিস্থিতিতে রুবিও বলেন, ‘আমরা ভারতকে যতটা সম্ভব বেশি জ্বালানি দিতে চাই। ভারতের জ্বালানি আমদানির পোর্টফোলিওতে আমেরিকা বড় ভূমিকা নিতে আগ্রহী।’
সূত্রের খবর, মার্কিন জ্বালানির পাশাপাশি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল নিয়েও আলোচনার ইঙ্গিত দিয়েছেন রুবিও। জানা গিয়েছে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রুবিও জোরালো ভাষায় বলেন, ‘ইরানকে কোনওভাবেই বিশ্ব জ্বালানি বাজারকে নিয়ন্ত্রণাধীন করতে দেওয়া হবে না।’ জ্বালানি বাণিজ্যের পাশাপাশি এদিন ‘মিশন ৫০০’ উদ্যোগের আওতায় ২০৩০ সালের মধ্যে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া, ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ অঞ্চল গঠন এবং চার দেশের জোট ‘কোয়াড’-এর আসন্ন বিদেশমন্ত্রীদের বৈঠকের প্রস্তুতি নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়।
কলকাতা হয়ে শনিবার সকালে দিল্লি পৌঁছান রুবিও। তিনদিনের ভারত সফরের বাকি সময় তিনি জয়পুর ও আগ্রা ভ্রমণ করবেন। বৈঠকের শেষে প্রধানমন্ত্রী মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব। ভারতের জ্বালানি বৈচিত্র্য আনতে এই মার্কিন প্রস্তাব কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
