উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক শুভমন গিল। আর প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। সিরাজের বলে ৮ রান করেই সাঝঘরের পথ ধরেন হেড। পঞ্চম ওভারেই আবার সিরাজ ম্যাজিক। এবার অভিষেককে ফেরান তিনি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স। দলের হয়ে সর্বোচ্চ রান করেন নিতীশ রেড্ডি(৩১)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে হায়দরাবাদ। চার ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত। ৪৩ বলে ৬১ রান করেন শুভমন গিল।
