উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তরপ্রদেশের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে (ইপিই) (Jap Peripheral Expressway) একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় (UP Accident) মৃত্যু হল অন্তত ছয় জন তীর্থযাত্রীর। এর মধ্যে এক শিশু কন্যাও রয়েছে। এছাড়া দুই ডজনেরও বেশি মানুষ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার গভীর রাতে বাগপতের বড়গাঁও টোল প্লাজার কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাদাউন জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলহাপুর গ্রামের প্রায় ৩২ জন তীর্থযাত্রী একটি পিকআপ ভ্যানে করে রাজস্থানের বাগর ধাম তীর্থস্থান থেকে বাড়ি ফিরছিলেন। বড়গাঁও এলাকায় পৌঁছানোর পর পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উলটে যায়। অধিকাংশ যাত্রীই উলটে যাওয়া গাড়ির নীচে চাপা পড়ে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা ও পথচারীরাও উদ্ধারকাজে হাত লাগান। গাড়িটির নীচ থেকে যাত্রীদের উদ্ধার করে দ্রুত খেকড়া কমিউনিটি হেলথ সেন্টার (সিএইচসি) এবং জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুসহ ছয় জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি ও মিরাটের হাসপাতালে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল এবং পুলিশ সুপার সুরজ কুমার রাই জেলা হাসপাতালে ছুটে যান এবং পরিস্থিতির খোঁজখবর নেন। বাগপতের পুলিশ সুপার সুরজ কুমার রাই জানান, নিহতদের মধ্যে এখনও পর্যন্ত আলহাপুরের বাসিন্দা রামেশ্বর নামে একজনের পরিচয় পাওয়া গিয়েছে। বাকিদের শনাক্তকরণের চেষ্টা চলছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিজনদের তথ্যের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর (9454417383) চালু করা হয়েছে।

