চ্যাংরাবান্ধাঃ বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী এলাকা চ্যাংরাবান্ধায় ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করল হিন্দু জাগরণ মঞ্চ। বৃহস্পতিবার বাংলাদেশের ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে চ্যাংরাবান্ধায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিন মিছিলটি চ্যাংরাবান্ধা নতুন হনুমান মন্দির থেকে শুরু হয়ে চ্যাংরাবান্ধা বাজার পরিক্রমা করে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে এসে শেষ হয়। সেখানেই এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিছিলে হিন্দু জাগরণ মঞ্চের একাধিক নেতা ও কর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ভক্ত রায়, সঞ্জয় মণ্ডল, রামানন্দ বর্মন, শুভময় ঘোষ সহ আরও অনেকে। বিক্ষোভ চলাকালীন মুহুর্মুহু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ধিক্কার ধ্বনি ওঠে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে ভক্ত রায় বলেন, “দীপু দাসের একমাত্র অপরাধ ছিল তিনি হিন্দু। নানা অভিযোগের অজুহাতে মধ্যযুগীয় বর্বর কায়দায় তাঁকে হত্যা করা হয়েছে। এর জবাব মুহাম্মদ ইউনুসকে দিতেই হবে। বাংলাদেশে আজ হিন্দুরা নিরাপদ নয়।”
তিনি আরও বলেন, “এই নারকীয় হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে হিন্দু সমাজকে একজোট হতে হবে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে মানবিকতা পদদলিত হচ্ছে। আমরা এই ঘটনার দ্রুত ও কঠোর বিচার দাবি করছি।”
পদ্মাপারের অশান্তির প্রভাব যে সীমান্ত পেরিয়ে এপার বাংলাতেও পড়েছে, এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়েই তা স্পষ্ট হয়ে উঠেছে।
